রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ অবলম্বনে ‘নিশিমন-বিসর্জন’
ট্রেন চলছে। মঙ্গাপীড়িত লোকজনের জন্য ত্রাণ বহনকারী এক বগিতে হঠাৎ করে বোমা ফাটল। বুদ্ধিজীবী কবি-সাহিত্যিকদের ভিড়ে মারা গেলেন গোমতী পাড়ের যুবক তারাতাজ। বোমাটি তাঁর পেটে বাঁধা ছিল। এভাবে কিছু ধর্মান্ধ মানুষ ধর্মকে ব্যবহার করার বিষয়টি উঠে এসেছে মহাকালের নতুন নাটক নিশিমন-বিসর্জন-এ। গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে এ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন-এর কাহিনি অবলম্বনে নাটকটি নির্মাণ করেছে মহাকাল নাট্য সম্প্রদায়। এটি তাদের ২৭তম প্রযোজনা।রবীন্দ্রনাথের বিসর্জন অবলম্বনে নাটকটি লিখেছেন আ ন ন জামান। নির্দেশনা দিয়েছেন আশিক রহমান। তিনি বলেন, ‘নাটকের জঙ্গিবাদ তথা মৌলবাদের ব্যাধিগ্রস্ত সাম্প্রতিক বিশ্বের সব ধর্মান্ধতা নিরীক্ষণ ও প্রয়োগের মাধ্যমে তার ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ তাঁর সময়ের কুসংস্কারাচ্ছন্ন ধর্মচিত্র তুলে ধরার পাশাপাশি হয়তোবা সম্মুখ বাস্তবতা দেখতে পেয়েছিলেন। আমরা রবীন্দ্রনাথের সেই সম্মুখ বাস্তবতাকেই বলতে চেয়েছি।’ বিসর্জন নাটকের নব্য নিরীক্ষণে অভিনয় করছেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, এম এ আজাদ, মাধুরী সাহা, পলি বিশ্বাস, ইকবাল চৌধুরী, সামসুল আলম, হাবিবুল ইসলাম, সৈয়দ ফেরদৌস ইকরাম, কানিজ ফাতেমা, আরিফ হোসেন, বাহার সরকার, তৌহিদুল ইসলাম প্রমুখ।সেলিম আল দীন স্মরণে নাট্যোৎসবের প্রস্তুতি চলছে‘আমি তো জীবনের সেই সব বাঁকে চলে গেছি, যেসব বাঁকে গেলে একজন লেখক স্বর্ণচাঁপা হয়ে ফোটে, বকুল হয়ে ঝরে’। এভাবেই নিজের অবস্থান জানিয়েছিলেন দেশের বরেণ্য নাট্যকার সেলিম আল দীন। ১৮ আগস্ট প্রয়াত এই নাট্যব্যক্তিত্বের ৬২তম জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী নাট্যোৎসব। এই উৎসব যৌথভাবে আয়োজন করছে ঢাকা থিয়েটার, স্বপ্ন দল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং দ্যাশ বাংলা থিয়েটার। জাতীয় নাট্যশালার লবিতে উৎসবের উদ্বোধন হবে ১৮ আগস্ট সন্ধ্যায়। উদ্বোধন করবেন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উৎসবের স্লোগান, ‘মঙ্গল প্রদীপে পূজিব তোমারে নাট্যগুরু সেলিম আল দীন’। উৎসব শেষ হবে ১৯ আগস্ট।আয়োজক সূত্রে জানা গেছে, নাট্যোৎসবের উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় নিমজ্জন নাটকের প্রদর্শনী করবে ঢাকা থিয়েটার। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে হবে স্বপ্ন দলের ফেস্টুনে লেখা স্মৃতি নাটকের প্রদর্শনী। স্টুডিও থিয়েটারেপুত্র নাটকের প্রদর্শনী করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। কমলগঞ্জে ‘দিশারী’ ঝুলন সংখ্যার প্রকাশনা উৎসবকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগান পূজামণ্ডপ প্রাঙ্গণে সুদীর্ঘকাল থেকে অনুষ্ঠিত হয় চা-শ্রমিকদের বড় উৎসব শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা। ঝুলনযাত্রা উপলক্ষে স্থানীয় চা-শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীদের সংগঠন ‘দুটি পাতা একটি কুঁড়ি সাংস্কৃতিক পরিষদ’ ঝুলনযাত্রা উপলক্ষে প্রতিবছর দিশারী বিশেষ সংখ্যা প্রকাশ করে থাকে। ১২ আগস্ট শুক্রবার রাতে আলীনগর চা-বাগানে ঝুলনযাত্রা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সাহিত্য সাময়িকী দিশারী ঝুলনযাত্রা-২০১১ সংখ্যা প্রকাশিত হলো।উৎসবের প্রধান অতিথি নওয়াব আলী খান দিশারীর ঝুলন সংখ্যার মোড়ক উন্মোচন করেন। সভাপতি ছিলেন সুমন কৈরি, অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জয় কৈরি।শুভাশীষ সমীরের সংবর্ধনা: গত শুক্রবার কমলগঞ্জের মণিপুরি গবেষক পরিষদ মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষার নাট্যকার ও নির্দেশক শুভাশীষ সিংহকে সংবর্ধনা দিয়েছে। মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ধীরেন সিংহের সঞ্চালনায় জিতেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালক রামকান্ত সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকমল হোসেন, ছড়াকার আবদুল হামিদ মাহবুব, মণিপুরি যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল সিংহ। অনষ্ঠানে জ্যোতি সিনহা, শুক্লা সিনহা, শর্শিলী সিনহা ও ভাগ্যলক্ষ্মী সিনহা সমীরের রচনায় মণিপুরি ভাষার গান, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন গান শোনান।৩৯ শিল্পীর কণ্ঠে ‘জনগণমন’কলকাতা প্রতিনিধি জানান, এবারের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশততম বর্ষকে ঘিরে ভারতের প্রখ্যাত ৩৯ জন শিল্পীর সমবেত কণ্ঠে গাওয়া রবীন্দ্রনাথ রচিত ভারতের জাতীয় সংগীত জনগণমন-এর অডিও ভিজুয়াল জয় হে প্রকাশিত হলো শুক্রবার রাজধানী দিল্লিতে। ভারতের রবীন্দ্র জন্ম সার্ধশততম বর্ষ উদ্যাপন কমিটির প্রধান অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি ও সংস্কৃতিমন্ত্রী কুমারী শৈলজা প্রমুখ। প্রথিতযশা এই ৩৯ জন শিল্পীর মধ্যে রয়েছেন গিরিজা দেবী, এম বালমুরলিকৃষ্ণ, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত বিশ্বমোহন ভাট, সুনিধি চৌহান, কৈলাশ খের, পি সুশীলা, জগজিৎ সিং, লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্যপ্রমুখ।