রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ নজরুলের ‘ধূমকেতু’
শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন শ্রোতায় পূর্ণ। মঞ্চে আলোয় উদ্ভাসিত রবীন্দ্রনাথ-নজরুলের প্রতিকৃতি। সামনে অর্ধবৃত্তাকারে সাজানো আসনে বসেছেন আবৃত্তিশিল্পী শুভ্রা দাশ, তাহমিনা ফেরদৌস, অনন্যা লাবনী আর শ্যামলী সুলতানা। কোনো ভনিতা নেই। সরাসরি তাঁরা শুরু করলেন আবৃত্তি ‘আমি অন্তঃপুরের মেয়ে,/চিনবে না আমাকে।/তোমার শেষ গল্পের বইটি পড়েছি, শরৎবাবু...’ রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’। এরপর তাঁরা পরিবেশন করলেন ‘মুক্তি’, ‘বাঁশিওয়ালা’, ‘সবলা’।শুক্রবার ‘রবি ও ধূমকেতু’ নামের স্বননের এই আবৃত্তির অনুষ্ঠান সাজানো হয়েছিল রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা দিয়ে। প্রথম পর্বে ছিল স্বননের নিজস্ব প্রযোজনা রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’।পরে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের ‘সর্বহারা’, ‘সৃষ্টিসুখের উল্লাসে’, ‘রাজবন্দী’, ‘রোজনামচা’সহ বিভিন্ন কবিতা । এতে অংশ নেন বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, হাসান আরিফ, এনামুল হক, ইকবাল খোরশেদ জাফর, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী, ফয়জুল আলম ও টুকু মজনিউল। প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন অনন্যা লাবনী। অনুষ্ঠানটির সঞ্চালক স্বননের সভাপতি আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার। রবীন্দ্র-নজরুলের যুগলবন্দী কাব্যসন্ধ্যায় মুগ্ধ সময় কাটিয়েছেন কাব্যানুরাগী শ্রোতারা।