রবীন্দ্রমেলায় আনিসুজ্জামানকে আজীবন সম্মাননা

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে ‘রবীন্দ্রমেলা’। তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের সামনে খোলা প্রাঙ্গণে কাল বুধবার বেলা ১১টায় রবীন্দ্রমেলার উদ্বোধন করা হবে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার রবীন্দ্রমেলা উপলক্ষে আজীবন সম্মাননা পাচ্ছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। যেহেতু অনুষ্ঠানের দিন তিনি উপস্থিত থাকতে পারবেন না, তাই এই সংবাদ সম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক হিসেবে তুলে দেওয়া হয় ক্রেস্ট, উত্তরীয় ও এক লাখ টাকার চেক। আর তা তুলে দেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ। আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।এবার রবীন্দ্রমেলায় আধুনিক গানের শিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবামের মোড়ক খোলা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ছবি আঁকবেন বিশিষ্ট চিত্রশিল্পীরা। অনুষ্ঠানমঞ্চে থাকবে শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নাচ, পাঠসহ নানা কিছু। থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।