রবীন্দ্রমেলায় সাবিনার প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত এবারের রবীন্দ্রমেলায় প্রকাশিত হল প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের প্রথম একক রবীন্দ্রসংগীতের সিডি ‘আমি সন্ধ্যা দীপের শিখা’ ও ভিসিডি ‘পথ চাওয়াতেই আনন্দ’। সিডি ও ভিসিডির মোড়ক উন্মোচন করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালসের পক্ষে গোলাম কিবরিয়া সরকার এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী। এ সময় সাবিনা ইয়াসমীন তাঁর প্রথম প্রকাশিত রবীন্দ্রসংগীতের ভিসিডি থেকে ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’ গানসহ একটি দলীয় সংগীত পরিবেশন করেন। জানা গেছে, প্রায় দুই বছর অক্লান্ত পরিশ্রমের পর সাবিনা ইয়াসমীনের সিডি ও ভিসিডি দুটি প্রকাশিত হলো। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।আজ শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে চ্যানেল আই কার্যালয়ে নীল রঙের বেলুন উড়িয়ে রবীন্দ্রমেলা এবং নোবেল বিজয়ের শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব-লেখক-বুদ্ধিজীবী-সংস্কৃতিকর্মীসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিরা। এটি ছিল রবীন্দ্রমেলার অষ্টম আসর। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের শতবর্ষও উদযাপন করা হয় এবারের মেলায়। রবীন্দ্রমেলায় উপস্থিত ছিলেন আজীবন সম্মাননা পদক পাওয়া ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। গত ৬ মে তিনি চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আজীবন সম্মাননা পদক গ্রহণ করেন। শিশু-কিশোরদের পাশাপাশি মেলায় চিত্রাঙ্কন করেন দেশবরেণ্য চিত্রশিল্পী সমরজিত রায় চৌধুরী, আবদুল মান্নান, মনিরুজ্জামান, আবদুর শাকুর, শহীদ কবীর, রেজাউন নবী, জহির উদ্দিন প্রমুখ। দিনব্যাপী উন্মুক্ত মঞ্চে দলীয় নৃত্য পরিবেশনসহ রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লিলি ইসলাম, সাজেদ আকবর, গোলাম হায়দার প্রমুখ। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমামসহ অনেকে। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই পুরো মেলার সার্বিক কার্যক্রম সরাসরি সম্প্র্রচার করেছে। মেলার উদ্বোধনী পর্ব উপস্থাপনা করেন আলী ইমাম এবং পুরো মেলা উপস্থাপনা করেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া। মেলা পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম।এবারের মেলার পৃষ্ঠপোষকতা করেছে মুঠোফোন সেবাদাতাপ্রতিষ্ঠান গ্রামীণফোন।