রবীন্দ্রমেলার আজীবন সম্মাননা পেলেন অধ্যাপক আনিসুজ্জামান
রবীন্দ্র-সৃষ্টিকর্ম নিয়ে গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চ্যানেল আইয়ের এবারের রবীন্দ্রমেলার আজীবন সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। চ্যানেল আইয়ের আয়োজনে রবীন্দ্রমেলার এটি অষ্টম আসর।রবীন্দ্রমেলার এবারের আয়োজন উপলক্ষে আজ সোমবার চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আজীবন সম্মাননা পাওয়া অধ্যাপক আনিসুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।৮ মে চ্যানেল আইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে রবীন্দ্রমেলার অষ্টম আসরের দিনব্যাপী অনুষ্ঠান। ওই সময় অধ্যাপক আনিসুজ্জামানের দেশে থাকা হবে না বিধায় সংবাদ সম্মেলনের একপর্যায়ে তাঁর আজীবন সম্মাননা প্রদানের অনুষ্ঠানটিও সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানকে আজীবন সম্মাননার উত্তরীয় পরিয়ে দেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। অধ্যাপক আনিসুজ্জামানের হাতে রবীন্দ্রসংগীতের সিডি, আজীবন সম্মাননার নগদ এক লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। আজীবন সম্মাননা পাওয়ার পর অধ্যাপক আনিসুজ্জামান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘চ্যানেল আইয়ের রবীন্দ্রমেলায় এর আগে বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পীরাই সম্মানিত হয়েছেন। এবার তাঁদের সঙ্গে আমার নামটি যোগ হওয়ায় গৌরববোধ করছি। আমি এ পর্যন্ত যেসব পুরস্কার পেয়েছি, তার মধ্যে চ্যানেল আইয়েরও একটি পুরস্কার যোগ হলো।’ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘রবীন্দ্রজয়ন্তীতে এবার চ্যানেল আই অধ্যাপক আনিসুজ্জামানকে আজীবন সম্মাননা দিচ্ছে বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। আমাকে অনেক বেশি আনন্দিত করেছে।’সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘অষ্টম চ্যানেল আই রবীন্দ্রমেলায় অধ্যাপক আনিসুজ্জামান স্যারের মতো একজন রবীন্দ্র-গবেষককে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও অনেক বেশি সম্মানিত বোধ করছি।’ মেলায় আয়োজন সম্পর্কে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমাদের প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে তুলে ধরাই এ মেলার লক্ষ্য।’অষ্টম রবীন্দ্রমেলায় আয়োজনে প্রযোজক হিসেবে আছেন আমীরুল ইসলাম। তিনি জানিয়েছেন, ‘নানা আয়োজনে এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে। এর মধ্যে সাবিনা ইয়াসমীনের রবীন্দ্রসংগীতের অ্যালবামের একটি সংকলন প্রকাশিত হবে। থাকবে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার আয়োজনে গানসহ দিনব্যাপী নানা আয়োজন।’