রবীন্দ্রমেলায় আজীবন সম্মাননা পেলেন ফাহমিদা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার চ্যানেল আই আয়োজন করেছিল রবীন্দ্রমেলার। রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই ভবন প্রাঙ্গণে সারা দিনের এই মেলায় ছিল বিচিত্র আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রবীন্দ্রসংগীতশিল্পী ফাহমিদা খাতুনকে আজীবন সম্মাননা প্রদান। মেলামঞ্চে তাঁর হাতে ক্রেস্ট, উত্তরীয়, অর্থমানের চেক ও চিকিৎসাসেবার সনদ তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও রবির মুখ্য বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু।একসময় মঞ্চে আসেন সুধীন দাস। তিনি ফাহমিদা খাতুন ও রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’ গানটি পরিবেশন করেন। এই গানটি ফাহমিদা খাতুন গেয়েছিলেন ধারাপাত ছবিতে। এ সময় রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন অ্যালবাম তোমার খোলা হাওয়া-এর মোড়ক উন্মোচন করা হয়।সুরের ধারার শিল্পীদের ‘হে নূতন, দেখা দিক আর-বার’ পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী মেলার সাংস্কৃতিক পর্ব শুরু হয়। মেলামঞ্চে সারা দিন ছিল নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য, আবৃত্তি, স্মৃতিচারণ প্রভৃতি।মঞ্চের এক পাশে কবিগুরুর ওপর ছবি আঁকেন চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, শহীদ কবির, আবদুশ শাকুর, বীরেন সোম, রণজিৎ দাস, মনিরুজ্জামান, খালিদ মাহমুদ প্রমুখ। মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে প্রদর্শিত হয় রবীন্দ্রনাথের এবং তাঁকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র চিত্রকলার অনুকৃতি, সংগীতের অ্যালবাম প্রভৃতি।বহে অনন্ত আনন্দধারারবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে অফিসার্স ক্লাব আয়োজন করে ‘বহে অনন্ত আনন্দধারা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির বিভিন্ন গান, কবিতা, গল্প, প্রবন্ধ ও পত্রের সমন্বয়ে এটি গ্রন্থনা করেন সুবর্ণা চৌধুরী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারতের জয়তী চক্রবর্তী। কবিতা আবৃত্তি এবং গল্প, প্রবন্ধ ও পত্র পাঠ করেন ডালিয়া আহমেদ।জয়তী চক্রবর্তী পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘তোমায় গান শোনাব’, ‘মাঝে মাঝে তব’, ‘আমার সকল নিয়ে বসে আছি’, ‘সে দিন দুজনে দুলেছিনু বনে’. ‘সখী, ভাবনা কাহারে বলে’ এবং ‘গোধূলিগগনে মেঘে’।