রবীন্দ্রময় রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে গতকাল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর প্রতি নিবেদন করা হয়েছে গভীর শ্রদ্ধা। সার্ধশততম জন্মববার্ষিকী উপলক্ষে এবারই প্রথম বাংলাদেশ ও ভারত যৌথভাবে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানে কবির জন্মদিন পালন করা হয়। এর আওতায় গতকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের জওহরলাল নেহরু মণিপুর ডান্স একাডেমি ‘বিদায় অভিশাপ’ কবিতাটির নৃত্যনাট্যরূপ উপস্থাপন করে। কবির কথা ও কাহিনী কাব্যের কবিতা ‘বিদায় অভিশাপ’। মহাভারত-এর ‘কচ-দেবযানী’ আখ্যান অবলম্বনে কবিতাটি রচিত। নর-নারীর চিরন্তন মিলন-বিরহের সঙ্গে কর্তব্য ও দায়িত্ববোধের দ্বন্দ্ব তুলে ধরেছেন তিনি। কচ দেবগুরু বৃহস্পতির পুত্র, দেবযানী, যে মর্তের গুরু শুক্রাচার্যের কন্যা। শুক্রাচার্যের কাছে সঞ্জীবনীবিদ্যা শিখতে স্বর্গ থেকে মর্তে আসেন কচ। বিদ্যালাভকালেই প্রেমে পড়েন গুরুকন্যা দেবযানীর। কর্তব্যের তাগিদে কচ দেবযানীর প্রেম প্রত্যাখ্যান করেন। কচের প্রতি দেবযানীর অভিশাপ উচ্চারণের মাধ্যমে চিরবিরহে কাহিনির পরিসমাপ্তি। এর পরিচালনা ও নৃত্য নির্দেশনা দেন এন আমুসানা দেবী। কচ চরিত্রটির রূপদান করেন ও. জিতেন সিং, দেবযানীর চরিত্রে ছিলেন ডব্লিউ জিতেন্দ্র সিং।এ ছাড়াও ছিল সংগীত, আবৃত্তি ও নিবেদিত কবিতার আসর। সংগীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, প্রমোদ দত্ত, দীপা চৌধুরী, সুস্মিতা চৌধুরী প্রমুখ। শিল্পীরা ‘হে নূতন, দেখা দিক আর-বার’, ‘শুধু তোমার বাণী নয় গো’, ‘আমার মনের মাঝে যে গান বাজে’—এসব গান গেয়ে শোনান। আবৃত্তিতে অংশ নেন কাজী আবু জাফর সিদ্দিকী, ঝর্না সরকার, মাহিদুল ইসলাম, রোজিনা ওয়ালী প্রমুখ। তাঁরা ‘বোঝাপড়া’, ‘সোনারতরী’, ‘কৃষ্ণকলি’, ‘হঠাৎ দেখা’—এসব কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া ছিল বিভিন্ন কবির স্বরচিত কবিতাপাঠ।বাংলা একাডেমীতে রবীন্দ্র-চিত্রাঙ্কন: বাংলা একাডেমী প্রাঙ্গণে সকালে ছিল আয়োজিত শিশু-কিশোর রবীন্দ্র-চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ‘রবীন্দ্রনাথের প্রতিকৃতি’ বিষয়ে দুই শাখায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। উদ্বোধন করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ফরিদা জামান এবং সহযোগী অধ্যাপক লালারুখ সেলিম। শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ শাখায় সৈয়দা নওশিন তারান্নুম, ‘খ’ শাখায় মীম ফজলে রাব্বী প্রথম স্থান অধিকার করে। পরে একাডেমীর সেমিনারকক্ষে আয়োজন করা হয় শিশু-কিশোর বক্তৃতা প্রতিযোগিতা। এতে ‘ক’ শাখায় ‘রবীন্দ্রনাথের ছেলেবেলা’ বিষয়ে কাজী সামিয়া সুলতানা এবং ‘খ’ শাখায় ‘রবীন্দ্রনাথ’ বিষয়ে তানজিন আশরাফী প্রথম হয়। বক্তৃতা প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, শান্তনু কায়সার ও রবীন্দ্রসংগীতশিল্পী রোকাইয়া হাসিনা। সংগীত উৎসব: কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা আয়োজিত সংগীত উৎসবের শেষ দিন। ‘সার্ধশত জন্মবর্ষে রবীন্দ্রনাথ, প্রেক্ষিত: বাংলাদেশ’ বিষয়ে আলোচনা করেন অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম। সংগীত পরিবেশন করেন সাজেদ আকবর, তপন মাহমুদ, মীরা মণ্ডল, শারমিন আহমেদ, শর্মিলা চক্রবর্তী, মাখন হাওলাদার প্রমুখ। তাঁরা ‘পান্থ তুমি, পান্থজনের সখা হে’, ‘মধুর, তোমার শেষ যে না পাই’ প্রভৃতি গান পরিবেশন করেন।