রবীন্দ্রময় সারাদেশ বগুড়ায় দিনভর নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মে দিনভর নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবির ১৪৯তম জন্মবার্ষিকীটি বেশ ঘটা করেই পালন করল বগুড়ার বিভিন্ন সংগঠন।‘হে নূতন দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ’ সমবেত গানটি দিয়ে স্থানীয় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রবীন্দ্র জন্মবার্ষিকীর শুভ সূচনা করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বগুড়া শাখা। অনুষ্ঠানে ‘দাও হে হূদয় ভরে দাও’, ‘জয় তব বিচিত্র আনন্দ’, ‘সংকোচের বিহ্বলতা নিজের অপমান’ সম্মেলক গান হিসেবে এবং ‘বারতা পেয়েছি মনে মনে’, ‘এই লভিনু সঙ্গ তব’, ‘গানে গানে তব বন্ধন যাক টুটে’, ‘সুখের মাঝে তোমায় দেখেছি’, ‘তোমার অসীমে’, ‘তুমি কেমন করে গান কর হে গুণী’, ‘বজ্রে তোমার বাজে বাঁশি’ গানগুলো একক হিসেবে পরিবেশিত হয়। গানে অংশ নেন অমরেশ মুখার্জি, হোসনে আরা খানম, বর্ণা, ইফ্ফাত, মৃত্তিকা, গায়ত্রী, রূপা ও রবিউল হাসান। অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনায় অংশ নেন মোস্তফা আলী, পশ্চিম বাংলা নাট্য একাডেমি পত্রিকার সম্পাদক নৃপেন্দ্র সাহা এবং প্রধান অতিথি বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী অথবা তাদের এ দেশীয় কিছু সাম্প্র্রদায়িক অনুসারী যখনই এ দেশের সাধারণ মানুষের সংস্কৃতিকে আঘাত করতে উদ্যত হয়েছে, তখনই বাংলা ভাষা ও বাংলা ভাষার প্রধান কবি রবীন্দ্রনাথ বাংলার সংস্কৃতি তথা অস্তিত্বকে রক্ষা করেছেন।’ সভাপতির বক্তব্যে মীর ইকবাল হোসেন বলেন, ‘রবীন্দ্রচর্চায় নিজেকে পরিপূর্ণ বাঙালি তথা মানুষ করে তোলার মধ্য দিয়ে আজকের উচ্ছৃঙ্খল ও অসহিষ্ণু যুব এবং তরুণ সমাজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারে। একই দিনে আমিনুল হক দুলাল অডিটরিয়ামে বগুড়ার অন্যতম সংগঠন আমরা কজন শিল্পীগোষ্ঠী আয়োজন করে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের। এতে কথা, কবিতা, নাচ, গান এবং নৃত্যনাট্য পঞ্চকন্যা পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির, সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ, গীতিকার ও সুরকার এম আর মিলকি প্রমুখ। অন্যদিকে বগুড়া সাহিত্য আসর বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। শহরের নবাববাড়ির বগুড়া থিয়েটার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া সাহিত্য আসরের সভাপতি মোহাম্মদ আজাদ।আলোচনা করেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেন, কবি খন্দকার বজলুর রশিদ, কবি আবদুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান, বগুড়া রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, কবি মনসুর রহমান প্রমুখ।