
গানের আসর, সম্মাননা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত পাঁচ দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি তপন মাহমুদ। বক্তৃতা করেন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। গত মঙ্গলবার শুরু হয়েছিল এই উৎসব।
প্রধান অতিথি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, উপন্যাস, কবিতা ও গানের মাঝে মানুষের পূর্ণাঙ্গ জীবনধারার প্রতিফলন ঘটেছে। তিনি আগামী প্রজন্মের মাঝে কবির ভাবাদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা পর্বের পর তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যামের হাতে সংস্থার প্রদান করা সম্মাননা তুলে দেন এবং রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ‘কলিম শরাফী স্মৃতি পুরস্কার’ প্রদান করেন। শেষে ছিল গানের আসর।