রবীন্দ্রসংগীত নিয়ে ‘শিরোনামহীন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের গান নিয়ে পুরো একটি অ্যালবাম বের করছে শিরোনামহীন ব্যান্ড সেই অভিজ্ঞতা এবং ব্যান্ডের অন্যান্য খবরাখবর নিয়ে এই প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বৈশাখী উৎসবের রেশ তখনো পুরো এলাকার পরতে পরতে। যেদিকে চোখ যায়, সেদিকেই রঙের মেলা। এর মধ্যেই হাজির শিরোনামহীন ব্যান্ডের ছয় সদস্য—তুহিন (কণ্ঠ), জিয়া (বেজ), শাফিন (ড্রামস), রাজীব (কিবোর্ড), রিয়াদ (গিটার) ও তুষার (গিটার)। এই চারুকলাতেই জন্ম শিরোনামহীনের। স্মৃতি রোমন্থনে চলে গেলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য জিয়া। ‘তখন মাত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বন্ধুবান্ধব মিলে গানের দল করলাম। তখন আমাদের গান, গানের স্টাইল ছিল একদমই ভিন্ন রকমের। আজকের সঙ্গে যার কোনো মিল নেই। এই চারুকলাতেই ছিল আমাদের প্রথম শো।’ বলছিলেন জিয়া। তখন শিরোনামহীন ছিল অ্যাকুইস্টিক যন্ত্রনির্ভর অন্য রকম এক গানের দল। এরপর সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। গান-বাজনায় একটু ভাটা পড়ে। এর ভেতরও বুয়েটের মাঠ কিংবা ক্যাফেটরিয়ার আড্ডায় শিরোনামহীনের পথচলা বন্ধ হয় না। বরঞ্চ নতুন করে শুরু হয় বছরখানেক পর। দলে যোগ দেন তুহিন থেকে শুরু করে অন্য সদস্যরা। আর্কিটেক্টদের ব্যান্ডটি পুরোপুরি গান করা শুরু করল তখন থেকেই। ২০০৪ সালে বাজারে আসে শিরোনামহীনের প্রথম অ্যালবাম জাহাজি। অ্যালবামের মোড়ক দেখে সবাই বেশ দ্বিধাদ্বন্দ্বে। ব্যান্ডের নাম জাহাজি নাকি শিরোনামহীন! তুহিন হেসে বললেন, ‘ইচ্ছে করেই অমনটা করা হয়েছে। মোড়কে দুটি নামকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী অ্যালবামের মোড়কগুলোতেও ব্যান্ডের নাম আর অ্যালবামের নামে কোনো পার্থক্য নেই। কিন্তু লোকজন এখন জানে, আমরা শিরোনামহীন।’ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ইচ্ছেঘুড়ি ২০০৭ সালে আর তৃতীয় অ্যালবাম বন্ধ জানালা বের হয়েছে গত বছর। ব্যান্ডের সদস্যদের প্রায় সবার জন্ম শহরে। বেড়ে উঠেছেন ইট-কাঠের এই জঙ্গলে। শিরোনামহীনের গানগুলোও তাই শহুরে। রূঢ় বাস্তবতার ভিড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গান। প্রথম অ্যালবাম থেকেই শিরোনামহীন তাই একদল ভক্ত তৈরি করে নিতে পেরেছে। সেই শ্রোতাদের জন্যই শিরোনামহীন এবার নিয়ে আসছে একেবারেই ব্যতিক্রম এক অ্যালবাম—শিরোনামহীন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গান নিয়ে পুরো একটি অ্যালবাম করছে কোনো ব্যান্ড। কেন? তুহিন বললেন, ‘আমি তিন বছর বয়স থেকে রবীন্দ্রসংগীত শিখছি। পরবর্তী সময়ে নজরুল, উচ্চাঙ্গ শিখেছি। কিন্তু রবীন্দ্রনাথের গানের প্রতি আলাদা একটা টান অনুভব করি। সেখান থেকেই অনেক দিনের শখ রবীন্দ্রসংগীতের অ্যালবাম করব। ব্যান্ডের বাইরে যেহেতু আমি আর গান গাই না, তাই ব্যান্ডের সবার সঙ্গে চিন্তাটা ভাগাভাগি করলাম। সবাই রাজি হয়ে গেল। এই তো এভাবেই শুরু হয়ে গেল।’ জিয়া বললেন, ‘আমরা একেবারেই ভিন্ন ধাঁচের গান করি। আমাদের ভক্তরা সবাই রবীন্দ্রসংগীত শোনে না। তাদের রবীন্দ্রসংগীত শোনাতে চাই এই অ্যালবাম দিয়ে।’ কাজটা করতে গিয়ে কেমন লাগছে? ‘গতানুগতিক সংগীতায়োজনে কাজটা করলে আমাদের ভক্তরা তা মেনে নেবে না। আবার বেশি রং চড়াতে গেলে রবীন্দ্রসংগীতের শুদ্ধতা নষ্ট হতে পারে। এই দুই দিক মাথায় রেখে কাজ করা কঠিন। সেই কঠিন কাজটাই আমরা এখন প্রায় শেষ করে এনেছি। দুই ধরনের শ্রোতাই যেন শোনে, সেভাবেই কাজ করছি।’ বললেন তুহিন। জিয়া বললেন, ‘আমাদের সামনে রবীন্দ্রনাথের গীতবিতান আছে। সেখানে সব গানের সুর ঠিক করে দেওয়া আছে। কিন্তু কোন সংগীতায়োজনে গাইতে হবে, তা তো বলা নেই। আমরা সেই জায়গাটাতেই কাজ করছি। কবিগুরুর বাণী ও সুর শতভাগ অক্ষুণ্ন রেখে যা যা করা সম্ভব, তার সবই আমরা করছি। নতুন নতুন যন্ত্র ব্যবহার করছি।’ তুহিন জানালেন। বেশ কয়েকজন রবীন্দ্রসংগীতশিল্পী সরাসরি এই অ্যালবামে শিরোনামহীনকে সাহায্য করেছেন রবীন্দ্রসংগীতের বাণী ও সুর নিয়ে। ছায়ানটের বেশ কয়েকজন শিক্ষক থেকে শুরু করে এ তালিকায় আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক। সব মিলিয়ে বেশ ভালো একটা কাজ হবে রবীন্দ্রনাথের গান নিয়ে—এমন প্রত্যাশা শিরোনামহীন ব্যান্ডের সব সদস্যের।