রবীন্দ্রসংগীত শিখছেন হেমা
সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী এবার রবীন্দ্রসংগীত শেখার জন্য উঠেপড়ে লেগেছেন। শিখছেন সংস্কৃত ভাষা এবং মন্ত্রও। শুধু তা-ই নয়, হেমা নাকি এবার ভারতের মুম্বাইয়ের দুর্গাপূজায় দুই মেয়ে এষা ও অহনাকে নিয়ে রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। হেমার এই রবীন্দ্রসংগীতের প্রতি টান অনেক দিনের। হেমা জানালেন, ‘ভানুসিংহের পদাবলি’ পরিবেশন করার পর এই ভরতনাট্যম-শিল্পী আরও বেশি রবীন্দ্রপ্রেমী হয়েছেন। তিনি এখন রবীন্দ্রসংগীতের ওপর নিয়মিত তালিম নিচ্ছেন।হেমা মালিনী প্রথম আলোকে বলেন, ‘মুম্বাইয়ের নেহেরু সেন্টারে আয়োজিত রবি ও রাধা নাটকে রবীন্দ্রসংগীতের ওপর নৃত্য পরিবেশন করেছিলাম। দারুণ লেগেছিল।’ রবীন্দ্রসংগীত ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ রায়ের গানেরও ভক্ত হেমা। মুম্বাই থেকে ১৬০ কিলোমিটার দূরে পুনে শহরের ভোঁসলে নগরে রয়েছে দিলীপ রায়ের আশ্রম। হেমা বলেন, ‘সময় পেলে সেখানেও যাই।’