রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ত্রিংশত্তম অধিবেশন শুরু
মূল ফটক থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ, মিলনায়তনের ভেতরে-বাইরে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথের নানা আকৃতির প্রতিকৃতি। প্রাঙ্গণের এক পাশে প্রদর্শিত হচ্ছে রবীন্দ্রনাথের আঁকা ১০০ চিত্রকর্মের প্রতিলিপি। এসবের মধ্যে রয়েছে একাধিক নিজ প্রতিকৃতি। অন্য পাশে আছে কবির প্রতিকৃতিসংবলিত বেশ কিছু পোস্টার। গাছে গাছে ঝুলছে নানা রঙের ফিতা ও ফানুস সদৃশ প্রদীপ। মূল ফটক থেকে মিলনায়তন পর্যন্ত পিচঢালা পথটুকুতে আঁকা হয়েছে সুদৃশ্য আল্পনা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ত্রিংশত্তম বার্ষিক অধিবেশন উপলক্ষে এভাবেই সাজানো হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার। গতকাল সকালে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী বিলকিস নাসিরউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন। অনুষ্ঠানের শুরু হয় পরিষদের শিল্পীদের সমবেত কণ্ঠের বোধনসংগীত ‘চলো যাই চলো, যাই চলো, যাই চলো’ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর সমবেত কণ্ঠের ‘আগুনের পরশমণি’ গানটির সঙ্গে প্রদীপ হাতে দলীয় নৃত্য পরিবেশন করেন পরিষদের শিল্পীরা। এ ছাড়াও এ পর্বে ছিল ‘বসন্ত এলো প্রাণে’ শিরোনামের সংগীত আলেখ্য। এতে মিতা হক, নীলোৎপল সাধ্য, লিলি ইসলাম, বুলবুল ইসলাম, লাইসা আহমদ প্রমুখ শিল্পী একক ও দলীয় সংগীত পরিবেশন করেন। শিল্পীরা ‘বিশ্ববীণা রবে’, ‘নব বসন্তের গানের ডালি’, ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘বারতা পেয়েছি মনে মনে’, ‘তুমি কোন পথে যে এলে’, ‘তুমি খুশি থাকো’, ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’সহ প্রভৃতি গান পরিবেশন করেন। রবীন্দ্রনাথের ‘বসন্ত’ আবৃত্তি করেন ভাস্বর ব্যানার্জি। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উৎসব প্রাঙ্গণে রবীন্দ্রনাথের শত চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন করেন কাইয়ুম চৌধুরী। পরিষদের নিয়মিত প্রকাশনা রবীন্দ্রবিষয়ক প্রবন্ধ সংকলন ‘সংগীত সংস্কৃতি’ ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন মালেকা আজিম। দুপুরে শুরু হয় কিশোর বিভাগের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা।বিকেলে দ্বিতীয় পর্বে ছিল প্রতিনিধি সম্মেলন, আলোচনা ও সংগীতানুষ্ঠান।তিন দিনব্যাপী এ অধিবেশনের দ্বিতীয় দিন আজকের কার্যক্রম শুরু হবে সাধারণ বিভাগের প্রতিযোগিতার মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টায়। আছে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান। এ ছাড়াও রয়েছে ‘রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীতে আমাদের দায়’ শীর্ষক সেমিনার।