রবীন্দ্রসংগীত সম্মেলন সমাপ্ত
নতুন কমিটি ঘোষণা, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও গুণীজনদের পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বাত্রিংশতম বার্ষিক অধিবেশন ও রবীন্দ্রসংগীত সম্মেলন। ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে গতকাল শনিবার সমাপনী আয়োজনে আরও ছিল নবীন শিল্পীদের প্রশিক্ষণ, সংগীত পরিবেশন, শোক প্রস্তাব পাঠ এবং অধিবেশন ঘোষণা।
এবারের সম্মেলনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নতুন কমিটিতে সভাপতি অধ্যাপক সন্জীদা খাতুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লাইসা আহমেদ।
গতকাল সকালে রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সমাপনী দিনের কর্মসূচি শুরু হয়। এর পর ছায়ানট ভবনে সন্জীদা খাতুনের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছিল পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন অধ্যাপক সালাহ্উদ্দিন আহ্মদ। এ ছাড়া এ পর্বে কিশোর ও সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ শামসুল হক। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের নির্বাহী সভাপতি সন্জীদা খাতুন।