রবীন্দ্রসংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৫তম রবীন্দ্র প্রয়াণ বার্ষিকীতে গতকাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সম্মিলিত কণ্ঠে গান করেন রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সদস্যরা l ছবি: প্রথম আলো
৭৫তম রবীন্দ্র প্রয়াণ বার্ষিকীতে গতকাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সম্মিলিত কণ্ঠে গান করেন রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সদস্যরা l ছবি: প্রথম আলো

গতকাল বিকেলে শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল রবীন্দ্রপ্রয়াণ দিবসের গান। মঞ্চে রবীন্দ্রসংগীত শিল্পী সুমাইয়া ইমাম গান ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ গানটি। কোনো ভূমিকা ছাড়াই শুরু করা হয়েছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবসের আনুষ্ঠানিকতা। সমবেত কণ্ঠে ‘সমুখে শান্তি পারাবার’ গানটি দিয়ে শুরু করার পর একে একে একক কণ্ঠে গাইতে মঞ্চে এসেছেন শিল্পীরা। গেয়েছেন অনিরুদ্ধ সেনগুপ্ত, তপন সরকার, সাজ্জাদ হোসেন, লিটু বৈদ্য, সীমা সরকার, সেলিনা হুদা, কনক খান, আঁখী বৈদ্য, সেলিনা পারভেজ প্রমুখ। সংগঠনটির সাধারণ সম্পাদক সাজেদ আকবর জানান, শুক্রবার থেকে তিন দিনের অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। সেই মোতাবেক মিলনায়তন নেওয়া হয়েছিল। এত নিরাপত্তার বলয় ডিঙিয়ে লোকে গান শুনতে আসবে কি না ভেবে দুই দিন কমানো হয়েছে। নিজেও গান করলেন না তিনি। শুধু বললেন, ‘নতুন ছেলেমেয়েরা ভালো করছে। ওদের গানই শুনুক লোকে।’
কবিগুরুকে নিবেদিত গানগুলো কোনো বিশেষ ধারা অনুসরণ করেনি। সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক পীযূষ বড়ুয়া বলেন, যাঁর হৃদয়ে যে গান উঁকি দিয়েছে, সে সেই গানটিই অর্পণ করেছেন। রবীন্দ্রনাথের তো মৃত্যু হয় না।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাজির হতে পারেননি সংগঠনের সভাপতি তপন মাহমুদ।