রবীন্দ্রসংগীতের অ্যালবাম করছেন সৈয়দ আব্দুল হাদী
‘ছোটবেলায় বাবা গুনগুন করে রবীন্দ্রসংগীত গাইতেন। গানগুলো মনে গেঁথে আছে। সেখান থেকে বাছাই করা আটটি বা দশটি গান দিয়ে এবারই প্রথম আমি রবীন্দ্রসংগীতের অ্যালবাম করছি।’ বললেন আধুনিক গানের সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তিনি বলেন, ‘বাবার কাছে রবীন্দ্রসংগীত শুনলেও এর তালিম নিয়েছি প্রয়াত সংগীতগুরু আবদুল আহাদের কাছে। তিনি রবীন্দ্রসংগীত সম্মিলনেও আমাকে দিয়ে রবীন্দ্রসংগীত গাইয়েছিলেন।’রবীন্দ্রনাথের কোন ধরনের গান আপনার অ্যালবামে থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘যে গানগুলো বেশ পরিচিত, সবাই গায়, এমন গান আমার অ্যালবামে থাকবে না। আমি এমন কিছু গান করছি, যেগুলো খুব বেশি গাওয়া হয় না। শ্রোতারা প্রায় ভুলেই গেছে।’ সৈয়দ আব্দুল হাদী জানান, তিনি নিজেই গানগুলোর সংগীতায়োজন করছেন। তবে কী কী গান থাকছে, সেটা শ্রোতার জন্য এ মুহূর্তে চমক হিসেবেই রাখতে চাইলেন। গানে অবশ্যই অ্যাকুইস্টিক যন্ত্রের ব্যবহার বেশি থাকবে বলে জানান এই শিল্পী।