রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতা ‘নবগানে নবপ্রাণে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নবগানে নবপ্রাণে’। ব্রিটিশ কাউন্সিল, গ্রামীণফোন ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা চ্যানেল আইয়ে প্রচারিত হবে আজ থেকে প্রতি বুধবার রাত নয়টা ৩৫ মিনিটে। সারা দেশ থেকে বাছাই করা ৪০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। তারপর পর্যায়ক্রমে ২০, ১০ এবং সর্বশেষ পাঁচ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা।মোট ১০টি পর্বে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীর জন্য রয়েছে ইংল্যান্ড ভ্রমণ। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী পাঁচজনই ভারতের শান্তিনিকেতনে ভ্রমণে যাওয়াসহ সুরের ধারায় প্রশিক্ষণের সুযোগ পাবেন।গতকাল মঙ্গলবার দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রেজওয়ানা চৌধুরী বন্যা, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল ওবি, গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন্স অফিসার কাজী মনিরুল কবির প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অতিথি বিচারকের দায়িত্ব পালন করবেন বুলবুল ইসলাম, লিলি ইসলাম, সাদি মহম্মদ, অনুপ ভট্টাচার্য, মৃদুল কান্তি চক্রবর্তী, পাপিয়া সারোয়ার, মিতা হক, সাজেদ আকবর প্রমুখ।