কবিগুরুর নানা রকম সুর, ছন্দ, রূপ-রস ও বৈচিত্র্যকে আশ্রয় করে গান রচনা করেছেন। দেশ-বিদেশের নানা সুরের প্রভাবে তাঁর সৃষ্ট গান নিয়ে শুক্রবার থেকে দুই দিনের ব্যতিক্রমী সংগীতানুষ্ঠানের আয়োজন করে সুরতীর্থ। ‘গানের সুরে আমার মুক্তি’ শিরোনামের এ অনুষ্ঠানের সমাপনী দিন ছিল শনিবার।জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সমাপনী দিনের সন্ধ্যায় সংগীতাসরকে সাজানো হয় দুই পর্বে। প্রথম পর্বে সুরতীর্থের শিল্পীদের কণ্ঠে গীত হয় প্রাদেশিক সুরের মূল গান এবং তা থেকে রবীন্দ্রনাথ রচিত ভাঙা গান ও একই শৈলীর মৌলিক গান। দ্বিতীয় পর্বে গাওয়া লোকসুরের মূল গান এবং তা রবীন্দ্রনাথ রচিত ভাঙা গান। সঙ্গে ছিল একই শৈলীর মৌলিক গানের পরিবেশনা।অনুষ্ঠানে গাওয়া প্রাদেশিক, সাদরা, টপ্পা, ঠুমরি ও লোকসুরের গান। প্রাদেশিক আঙ্গিকের গানের মধ্যে পরিবেশিত হয় মূল গান ‘বাদৈ বাদৈ রম্যবীণা’। এরপর রাগ ইম কল্যাণে গাওয়া হয় এ গান থেকে রচিত ভাঙা গান ‘বাজে বাজে রম্যবীণা বাজে’। এভাবেই আরও চারটি মূল গানের সঙ্গে গাওয়া হয় ভাঙা গান। এ পর্বে রাগ সোহিনীতে পরিবেশিত হয় মৌলিক গান ‘আজি দক্ষিণপবনে’। পরিবেশন করেন মহুয়া মঞ্জুরী সুনন্দা ও ফারহানা আখতার। সেমন্তী মঞ্জুরী পরিবেশন করেন ভাঙা গান ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’। আর ত্যাগরাজা রচিত মূলগান ‘লাবণ্যা রামা’ পরিবেশন করেন ফারহীন খান। সাদরা আঙ্গিকে গাওয়া হয় মৌলিক গান ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’। এ ছাড়া এ আঙ্গিকে পাঞ্জাবি টপ্পায় পরিবেশিত হয় মূল গান ‘মুরালী ধুন শুনি’ ও ভাঙা গান ‘চরণধ্বনি শুনি তব’।