রবীন্দ্রসংগীতের শিল্পীদের নিয়ে অন্য রকম আয়োজন
রবীন্দ্রসংগীতের শিল্পীদের নিয়ে অন্য রকম আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। ২৯ বছর ধরে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত ‘জাহিদুর রহিম স্মৃতি রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বে অনন্য বা প্রথম সম্মাননা পাওয়া শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে দুই দিনের এই কর্মশালা শুরু হবে আজ শুক্রবার সকালে।এই আয়োজন প্রসঙ্গে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন বলেন, ‘প্রতিযোগিতায় বিভিন্ন সময় অনন্য ও প্রথম সম্মাননা পাওয়া শিল্পীরা এখন কীভাবে আছেন, তাঁদের চর্চাটা কেমন হচ্ছে, এটাই দেখা হবে। তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নানা কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের যুক্ত করার ইচ্ছা আমাদের।’কাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট মিলনায়তনে কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।