রবীন্দ্রসমগ্র: গ্রাহক মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিপুল উদ্দীপনায় নানা ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। সে সূত্রে কবির বিপুল বিচিত্র রচনাসম্ভার একত্রে রবীন্দ্র-অনুরাগী পাঠকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রকাশনা সংস্থা পাঠক সমাবেশ। এরই মধ্যে তিনটি খণ্ড প্রকাশিত হয়েছে। বিশেষ ছাড়ে সমগ্রটি সংগ্রহের জন্য গ্রাহকদের আগাম টাকা জমা দেওয়ার সময়ও বাড়ানো হয়েছে।মোট ২৫টি খণ্ডে প্রকাশিত হবে কবির সব রচনা রবীন্দ্রসমগ্র নামে। তবে এ প্রকাশনার উল্লেখযোগ্য দিকটি হলো, এতে কবির বাংলায় রচিত সব সাহিত্যকর্মের সঙ্গে থাকবে তাঁর ইংরেজিতে লেখা রচনাগুলো। এ ছাড়া থাকবে তাঁর চিঠিপত্র, পাণ্ডুলিপি, আলোকচিত্র ও চিত্রকলা।প্রকাশক সাহিদুল ইসলাম জানান, প্রতিটি খণ্ড ইন্দোনেশিয়ার ৭০ গ্রাম হালকা বাদামি রঙের অফসেট কাগজে ছাপা এবং শক্ত বোর্ডে রেক্সিন দিয়ে বাঁধাই করা। ইতিমধ্যে তিনটি খণ্ড ছাপা হয়ে বাজারে চলে এসেছে। এ বছরের ডিসেম্বরের মধ্যেই অবশিষ্ট খণ্ডগুলো প্রকাশিত হবে। পুরো সমগ্রের দাম ১০ হাজার টাকা। তবে এই রচনাসমগ্র মূলত প্রকাশিত হচ্ছে রবীন্দ্র-অনুরাগী পাঠকদের হাতে সুলভে কবির সব কাজ তুলে দেওয়ার জন্য। সে কারণে পাঠকেরা যাতে সুলভে সমগ্রটি পেতে পারেন, তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এককালীন নগদ পাঁচ হাজার টাকা দিয়ে পাঠকেরা পুরো ২৫ খণ্ডই সংগ্রহ করতে পারবেন। আগাম টাকা জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩০ জুন পর্যন্ত। তবে অনেক সাধারণ ক্রেতা আগ্রহ থাকা সত্ত্বেও টাকা জোগাড় করতে পারেননি। তাঁরা সময় বাড়ানোর অনুরোধ করছেন। এ কারণে টাকা জমা দেওয়ার সময় দেড় মাস বাড়ানো হয়েছে বলে তিনি জানান। এখন আগাম টাকা জমা দেওয়া যাবে ১৫ আগস্ট পর্যন্ত।আগ্রহী ক্রেতারা সরাসরি পাঠক সমাবেশের আজিজ সুপার মার্কেটের বিক্রয়কেন্দ্রে এসে নির্দিষ্ট ফরম পূরণ করে টাকা জমা দিতে পারবেন। এবং যখন যে খণ্ডটি প্রকাশিত হবে, সেটি তখনই সংগ্রহ করতে পারবেন। ঢাকার বাইরের ক্রেতারাও আগাম টাকা জমা দিয়ে গ্রাহক হতে পারবেন। সে ক্ষেত্রে তাঁরা ০১৮১৯২১৯০৮১ বা ০২-৯৬৬২৭৬৬ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং নাম-ঠিকানা লেখাতে পারবেন। পাঠক সমাবেশ তাঁদের ঠিকানায় গ্রাহক ফরম পাঠাবে। ফরম পূরণ করে গ্রাহকেরা পাঠক সমাবেশ, ১৭ আজিজ সুপার মার্কেট, নিচতলা, শাহবাগ, ঢাকা-১০০০—এ ঠিকানায় পাঠাতে পারবেন। টাকা পাঠানো যাবে টিটি, ডিডি বা কুরিয়ারের মাধ্যমে। গ্রাহকদের টাকা প্রাপ্তির রসিদ পাঠানো হবে এবং প্রতিটি খণ্ড প্রকাশের সঙ্গে সঙ্গে তাঁদের ঠিকানায় কুরিয়ারে (কুরিয়ারের খরচ গ্রাহকদের) পাঠানো হবে। কেউ ইচ্ছা করলে একত্রে ২৫ খণ্ড নিতে পারেন অথবা সরাসরি বিক্রয়কেন্দ্রে এসেও সংগ্রহ করতে পারবেন।