রবীন্দ্রসমগ্রর ষোড়শ খণ্ড প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা সংস্থা পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ‘রবীন্দ্রসমগ্র’র ষোড়শ খণ্ড প্রকাশিত হয়েছে চলতি মাসের শুরুতে। কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে পাঠকসমাবেশ মোট ২৫টি খণ্ডে কবিগুরুর গ্রন্থাকারে প্রকাশিত-অপ্রকাশিত সব বাংলা ও ইংরেজি রচনা, চিঠিপত্র ও চিত্রকলা প্রকাশের উদ্যোগ নিয়েছে। রবীন্দ্রসমগ্রর প্রথম খণ্ড প্রকাশ হয়েছিল গত বছরের মে মাসে। তারপর থেকে প্রতি মাসেই নিয়মিতভাবে প্রায় দুটি করে খণ্ডের প্রকাশনা অব্যাহত রয়েছে। এ মাসের শেষ নাগাদ সপ্তদশ খণ্ডটি বাজারে আসবে। ষোড়শ খণ্ডে রয়েছে কবিতা ও গান: সংযোজন, পূরবী, বীথিকা, প্রহাসিনী, রোগশয্যায়, জন্মদিনে, গল্পস্বল্প, স্ফুলিঙ্গ। নতুন সংকলন: চিত্রবিচিত্র, রূপান্তর, অনূদিত কবিতা। নাটক ও প্রহসন: মালঞ্চ, হাস্যকৌতুক: হেঁয়ালি নাট্য, বিসর্জন (নারী চরিত্রবর্জিত)। উপন্যাস ও গল্প: ইঁদুরের ভোজ। প্রবন্ধ: শিক্ষা, বাংলা শব্দতত্ত্ব, সংগীত চিন্তা, সংযোজন।রবীন্দ্রসমগ্র প্রথম পর্যায়ে আগাম পাঁচ হাজার টাকা দিয়ে যাঁরা গ্রাহক হয়েছেন, তাঁদের কাছে প্রতিটি খণ্ড পৌঁছে দেওয়া হচ্ছে বা অনেকে শাহবাগের আজিজ সুপার মার্কেটে পাঠক সমাবেশের বিক্রয়কেন্দ্র থেকে সংগ্রহ করছেন বলে জানালেন প্রকাশক সহিদুল ইসলাম। দ্বিতীয় পর্যায়ে গ্রাহক করা হয়েছে ১২ হাজার টাকায়। এখন চলছে তৃতীয় পর্যায়। আগাম ১৫ হাজার টাকা দিয়ে গ্রাহক হওয়া যাবে। তিনি জানান, পুরো সমগ্র প্রকাশিত হলে কমিশন ছাড়া এর দাম পড়বে ২৫ হাজার টাকা। নির্ভুল এবং ত্রুটিমুক্ত আকারে প্রতিটি খণ্ড প্রকাশ করার জন্য কাজ কিছুটা ধীরগতিতে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই অবশিষ্ট খণ্ডগুলো প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।প্রতিটি খণ্ড ইন্দোনেশিয়ার ৭০ গ্রাম হালকা বাদামি রঙের অফসেট কাগজে ছাপা এবং শক্তবোর্ডে রেক্সিন বাঁধাই করা। আগ্রহী ক্রেতার সরাসরি পাঠক সমাবেশের আজিজ সুপার মার্কেটের বিক্রয়কেন্দ্রে এসে নির্দিষ্ট ফরম পূরণ করে টাকা জমা দিতে পারবেন। এযাবত্ প্রকাশিত খণ্ডগুলো একত্রে এবং নতুন যে খণ্ডটি যখন প্রকাশিত হবে, সেটি তখনই সংগ্রহ করতে পারবেন। ঢাকার বাইরের ক্রেতারাও আগাম টাকা জমা দিয়ে গ্রাহক হতে পারবেন। সে ক্ষেত্রে তাঁরা ০১৮১৯২১৯০৮১, ০২-৯৬৬২৭৬৬ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং নাম, ঠিকানা লেখাতে পারবেন।