ফুল আর পাখির বারতা নিয়ে নগরে বসন্ত এসেছে মাস দেড়েক আগে। যদিও শিমুল-পলাশের রক্তরাগে হূদয় রাঙিয়ে নেওয়ার সুযোগ এ শহরে তেমন নেই। তবে ধানমন্ডি এলাকায় লেকের ওদিকটায় সবুজের সমারোহ এখনো নিবিড়। শেষ বিকেলে সবুজ পাতার ফাঁক দিয়ে আসা রোদের টুকরো রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে আলো-ছায়ার নকশা এঁকে যায়। এমন পরিবেশে গতকাল শনিবার সেখানে অনুষ্ঠিত হলো ‘আমার ফাগুন ভরে দেব’ শিরোনামে বসন্ত উত্সব। গান, নাচ আর বসন্ত কথন দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান। বাংলাদেশ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা এই উত্সবের আয়োজন করে।
শুরুতে সুমা রানী রায়ের গান ও সামিনা হোসেনের নৃত্যযুগলের পর অনুষ্ঠানের দ্বিতীয় পরিবেশনা ছিল পরিষদের নারী সদস্যদের সমবেত কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথের প্রকৃতি পর্বের ‘যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে/ এই নব ফাল্গুনের দিনে—জানি নে জানি নে’ গানটি। এরপর ইলোরা আহমেদ শোনান ‘শুকেনা পাতা কে যে ছড়ায়’ গানটি। বসন্ত নাটক থেকে রাজা ও কবির কথোপকথন পাঠ করেন জহিরুল হক খান ও অসীম দত্ত। ‘বাসন্তী, হে ভুবনমোহিনী’ গানের সঙ্গে ছিল সমবেত নৃত্য।
অনুষ্ঠানে একক ও সমবেত কণ্ঠে পরিবেশিত গানের মধ্যে আরও ছিল ‘তোমার বাস কোথা যে পথিক ওগো, দেশে কি বিদেশে’, ‘বাকি আমি রাখব না কিছুই’, ‘ওগো দখিন হাওয়া’, ‘ওরে বকুল, পারুল’, ‘প্রাঙ্গণে মোর শিরীষশাখায়’ এসব গান। একক কণ্ঠে গান শোনান বুলবুল ইসলাম, অদিতি মহসিন, স্বাতি সরকার, মধুমিতা মৈত্র প্রমুখ। রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলি থেকে পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
চৈত্রসংক্রান্তির বই উত্সব
বই আর বই নিয়ে লেখক-পাঠকের প্রাণখোলা আড্ডা জমে উঠেছিল গতকাল শনিবার বসন্তের বিকেলে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে এ আড্ডা দিয়েই শুরু হয়েছিল অ্যাডর্ন পাবলিকেশনের চৈত্রসংক্রান্তির বই উত্সব।
গণগ্রন্থাগারের সামনের ছাউনির তলায় টেবিল পেতে সাজিয়ে রাখা হয়েছে অ্যাডর্নের বইয়ের সম্ভার। এতে রয়েছে উপন্যাস, গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ, শিশুসাহিত্য, ধর্ম, দর্শন, রাজনীতি, মুক্তিযুদ্ধ, আদিবাসী, ইতিহাসসহ বিচিত্র বিষয়ের বই। উত্সব উপলক্ষে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বিক্রি হচ্ছে এসব বই।
উত্সবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত লেখক-পাঠক আড্ডায় লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউর রহমান, সৈয়দ মোহাম্মদ শাহেদ, বিশ্বজিত্ ঘোষ, হাবীবুল্লাহ সিরাজী, মাহবুব সাদিকসহ অনেকে। অ্যাডর্নের প্রকাশক সৈয়দ জাকির হোসেন জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উত্সব চলবে।
শহিদ কবিরের তুলিতে লালনের ছবি
দেশের বাস্তবধারার চিত্রকলা বিশিষ্ট শিল্পী শহিদ কবিরের আনুপূর্বিক শিল্পকর্মের স্লাইড শো হলো গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। সত্তর দশকে তিনি লালন সাঁইকে নিয়ে একটি সাড়া জাগানো সিরিজ করেছিলেন। এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল সেই সিরিজের বেশ কিছু মূল কাজের প্রদর্শনী।
অনুষ্ঠানে শহিদ কবিরের কাজ নিয়ে আলোচনা করেন শিল্পসমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, নজরুল ইসলাম, সামসুল ওয়ারেস ও মইনুদ্দীন খালেদ।
জন্মভূমির গান সিডনিতে
বাংলাদেশের ১০ জন শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘জন্মভূমির গান’ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনির অক্সফোর্ড স্ট্রিট এলাকার কুইন স্ট্রিট আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির চ্যান্সেলর ও অ্যাকশনএইড অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জন ডোওড। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অনারারি কনসাল জেনারেল অ্যান্টনি খুরি, অস্ট্রেলিয়ার সাংসদ লরি ফার্গুসন ও ফিলিপ র্যাডক। শিল্পীদের মধ্যে রফিকুন নবী ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে লালনগীতি পরিবেশন করেন স্থানীয় শিল্পী লারা ও মিতুল। প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, তাহেরা খানম, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুশ শাকুর শাহ, ফরিদা জামান, রণজিত্ দাস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা ও মোহম্মদ ইকবালের ৪০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আজ রোববার পর্যন্ত চলবে।
বেঙ্গল গ্যালারি এ প্রদর্শনীর আয়োজন করেছে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন, অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ (এবিসিএক্স) ও টাঙ্গাইলের আনন্দপাঠের সহযোগিতায়। এ ছাড়া প্রদর্শনীতে সহায়তা দিয়েছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই।