
জাতির সংকটে কবিতা, গান, নাটক উজ্জীবিত রাখে। স্বাধীনতার এই মাসে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সেই কবিতাগুলো নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে বরাবরের মতো আয়োজন করা হয়েছিল মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙ্গার পদ্য ২০১৬ ’।
সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের পর উত্সব উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তিনি বলেন, ‘আমাদের মুক্তিকে কেড়ে নিতে চাইছে অপশক্তি। আমাদের বিভ্রান্ত করতে চাইছে জামায়াত-শিবির। আমরা যেন তাদের দ্বারা বিভ্রান্ত না হই সে ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে।’
উৎসবের এবারের আয়োজনে সম্মাননা জানানো হয় ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা টেপরি বেওয়া ও তাঁর গর্ভে জন্ম নেওয়া যুদ্ধশিশু সুধীরকে। তাঁর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। উৎসবটির আয়োজন করে আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার।
উৎসবের আবৃত্তিতে অংশ নেয় দেশের প্রথিতযশা আবৃত্তিকার ও বেশ কয়েকটি আবৃত্তির সংগঠন। শুরুতেই শ্লোক আবৃত্তি সংসদের শিশুরা আবৃত্তি করে শোনায় ‘পুড়িয়ে দিব নীল কারুকাজ’ কবিতাটি। দলীয় আবৃত্তি করে শ্রুতিঘর, স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, ঢাকা স্বরকল্পন। একক আবৃত্তি পরিবেশন করেন আশরাফুল আলম, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান আরিফ, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, আহকাম উল্লাহ, রেজিনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপ্পু, ইকবাল খোরশেদ জাফর, মাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন নীপু, মাসকুর-এ-সাত্তার কল্লোল, জহিরুল হক খান, শামীমা নাজনীন, আজিজুল বাশার মাসুম, আহসান উল্লাহ তমাল, নাসিমা খান বকুল, সুপ্রভা সেবুতী, জালাল উদ্দিন হীরা প্রমুখ।