রমজান মাসে আংশিক বন্ধ নাট্যশালা
রমজান মাসে প্রায় ১৫ দিনের মতো বন্ধ থাকবে শিল্পকলার নাটকপাড়ার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হল। তবে নাট্যশালার স্টুডিও থিয়েটার হল ও মহড়াকক্ষগুলো যথারীতি ঈদের আগ পর্যন্ত চলবে। জাতীয় নাট্যশালা কর্তৃপক্ষ বলছে, কোনো নাটকের দলের বরাদ্দ বাতিল করে মিলনায়তন বন্ধ রাখা হচ্ছে না। মিলনায়তনে কোনো দলের বরাদ্দ না থাকার কারণেই এ সুযোগটি নেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে জাতীয় নাট্যশালার দুটি হলের কিছু সমস্যা আছে, তা সংস্কার করে নতুন করে সাজানো হবে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার বাজেট থেকেই এই সংস্কার করা হচ্ছে। শিল্পকলা একাডেমীর নাটক বিভাগের পরিচালক গোলাম সারোয়ার বলেন, ‘এমনিতেই রমজান মাসে দর্শক কম থাকে। ফলে নাট্যদলগুলো সেভাবে নাটকও করে না। রোজার প্রথম থেকে অল্প কিছু দলের মিলনায়তন বরাদ্দ আছে। তা এ মাস পর্যন্ত। আগামী মাসের শুরু থেকেই মিলনায়তন খালি পাচ্ছি। এই সময়ে মিলনায়তনগুলো ঠিকঠাক করে নিচ্ছি। কেননা, মিলনায়তনগুলো চালু হওয়ার পর থেকেই সেভাবে নতুন করে আর কোনো কাজ হয়নি। আর এ মাস ছাড়া মিলনায়তন খালিও পাওয়া যাচ্ছে না। অন্য সময় সারা বছরই মিলনায়তন বরাদ্দ থাকে। ফলে মিলনায়তন বন্ধ করে সংস্কারকাজও করা সম্ভব হয় না। নাট্যশালার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তার বিষয়টিও এই সংস্কারের আওতায় আনার চেষ্টা করছি।’এদিকে এ বিষয়ে ইতিমধ্যে জাতীয় নাট্যশালা কর্তৃপক্ষ বাংলাদেশের সবচেয়ে বড় নাটকের সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনায় একমত হয়েছে। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই নাট্যশালা নিয়ে অভিযোগ দর্শকের কাছ থেকে পাচ্ছি। তার মধ্যে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণের সমস্যাটি বেশি। এ ছাড়া পুরো নাট্যশালার আরও যেসব সমস্যা আছে, তা সমাধান করার জন্য নাট্যশালা কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ ব্যাপারে আমরা নাট্যশালা কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’ তিনি আরও জানান, রমজান মাসে দর্শকও কম আসে। ফলে অনেক দলই নাটক মঞ্চস্থ করতে আগ্রহ দেখায় না। এ জন্য ২০ রোজার পর থেকেই মিলনায়তনে কোনো বরাদ্দ নেই। সে সুযোগটিই নাট্যশালা কর্তৃপক্ষ কাজে লাগাচ্ছে।নাট্যশালা সূত্রে জানা গেছে, সংস্কারের মধ্যে থাকছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ঠিক করা, পরীক্ষণ থিয়েটার হলের পাটাতন মেরামত, মঞ্চের পর্দা নতুন করে লাগানো, মূল হলের হাইড্রোলিক মঞ্চ মেরামত, দুটি হলের আলোকের ইকুইপমেন্ট নতুনভাবে সংযোগসহ জাতীয় নাট্যশালার প্রসাধনকক্ষ থেকে শুরু করে পুরো জাতীয় নাট্যশালাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা।