রমজান মাসে যাত্রাচিত্র
রমজান মাসে যাত্রাপালা বন্ধ রাখা হয়েছে। নওগাঁর সতীর হাট, নারায়ণগঞ্জের নতুন জেলখানার মাঠ প্যান্ডেলে দীর্ঘমেয়াদি যাত্রা হয়ে আসছিল। রমজান মাসে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ সংস্থা, পালাকার পরিষদ ও অপেরা জার্নালিস্ট ফোরাম একই সঙ্গে দলের মালিকদের চিঠি ও পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে যাত্রাগান বন্ধের অনুরোধ জানালে এ দুই জায়গার যাত্রা বন্ধ হয়ে যায়। এখন আগামী মৌসুমকে সামনে রেখে এ বছরের দলগুলো বিভিন্ন জায়গায় মহড়া চালিয়ে যাচ্ছে। বরিশাল, খুলনা, মাগুরা, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন মহড়াবাড়ি ঘুরে দেখা গেছে, এবার যাত্রামালিকদের সংবিৎ ফিরে এসেছে। অশ্লীল নাচ-গান বর্জন করে নান্দনিক চর্চায় নিবেদিত হচ্ছেন। স্বাধীন দেশে যাত্রাচর্চায় স্বাধীনতার বই থাকবে না, তা কি হয়? মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মালিকেরা বিস্ময়কর ঘটনা ঘটাতে যাচ্ছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থান বিষয়ে পালা নিয়ে মঞ্চে হাজির হবেন এবার দলের মালিকেরা। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে আবদুর রব হাওলাদারের আর্য্য অপেরা, খুলনার ডুমুরিয়ার আমভিটায় রফিকুল ইসলাম খানের নিউ গীতশ্রী অপেরা, জেলার বটিয়াঘাটার কৈয়া রাজবাধ বাজারে প্রীতম হালদারের আদি রাজমহল অপেরা, মাগুরা জেলার শ্রীপুর থানার চরগোয়াল পাড়ায় কামরুজ্জামান জুয়েল ও মাইনুল ইসলামের চৈতালী অপেরা, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষকগঞ্জ বাজারে পারুল আক্তার চৌধুরীর মৌসুমী অপেরা, সিরাজগঞ্জ চৌরাস্তায় মাস্টার লাবুর সোনালী অপেরা, সিরাজগঞ্জ জেলার কাজীরপুর উপজেলার শিমুল দাউর বাজারে মৌসুমী পারভীনের নিউ ভোলানাথ, যশোর জেলার মনিরামপুর উপজেলার লখাইডাঙ্গা কৃষি ডিপ্লোমা কলেজ প্রাঙ্গণে মোশাররফ হোসেনের আনন্দ অপেরার মহড়া চলছে। এখানে মঞ্চোপযোগী করে যেমন পালা সাজানো হচ্ছে, তেমনি নতুন নতুন পালায় সুর বসানোর কাজ চলছে। চড়া গলায় বিবেকের গান, কিন্নর কণ্ঠে নায়িকার গান ও মিহি গলায় এখানে বালকের গান মহড়া দেখতে আসা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করছে। নৃত্য-গীতের তালিম দেখে দর্শক কম হতবাকও হচ্ছে না। এর আগে যাত্রাগানে যে নৃত্য পরিবেশন করা হতো, মহড়ায় তা কই? ধুমধাড়াক্কা নাচ আর যাত্রাগানে থাকছে না। লোকনৃত্য, উচ্চাঙ্গনৃত্য, ভরতনৃত্যম ও যাত্রার প্রচলিত ভাঙানৃত্য দিয়ে দর্শক আকৃষ্ট করা হবে। প্রতিটি দলের মালিক, ম্যানেজার, সংগঠক ও উচ্চপর্যায়ের শিল্পীরা অশ্লীলতা বর্জনে একমত হয়েছেন। তাঁদের সহযোগিতা দিচ্ছেন শিল্পীদের সংগঠন বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ সংস্থা ও নাটক যাত্রা সংবাদ পরিবেশক সংস্থা অপেরা জার্নালিস্ট ফোরাম। রাতের যাত্রামঞ্চে পূর্ণাঙ্গ পালা মঞ্চায়নের ব্যাপারে সার্বক্ষণিক প্রতিটি মহড়াবাড়িতে যোগাযোগ রক্ষা করে চলেছে যাত্রাপালাকার পরিষদ। মোটকথা, পালাকার, সাংবাদিক, সংগঠক ও শিল্পীর সমন্বয়ে এবার যাত্রার জয়যাত্রা কামনা করছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। আসন্ন দুর্গাপূজায় শুরু হবে যাত্রা মৌসুম। মহড়াবাড়িতে তাই এখন ব্যস্ত সময় কাটছে সংগঠিত দলগুলোর।