রমনা বটমূলে ‘ইত্যাদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে রমনার বটমূলে। ১৮ এপ্রিল ‘ইত্যাদি’র জন্য রমনার বটমূলকে সাজানো হয় নতুন সাজে। তৈরি হয় মঞ্চ। দিনে রমনা বটমূলকে অনেকেই দেখেছেন, তবে এবার এই অনুষ্ঠানে রাতের বেলায় রমনার বটমূলের অন্য রকম সৌন্দর্য দেখা যাবে। অনুষ্ঠানটির নির্মাতাপ্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, বিটিভিতে ২৯ এপ্রিল রাত আটটার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’ দেখানো হবে। আর ওই দিন বৈশাখ মাসের ১৬ তারিখ। তাই এবার ‘ইত্যাদি’ অনুষ্ঠানটির জন্য বেছে নেওয়া হয়েছে রমনা বটমূলকে। অনুষ্ঠান পরিকল্পনায় প্রাধান্য দেওয়া হয়েছে বাংলার কৃষ্টি, লোকসংস্কৃতি, ঐতিহ্য আর বাংলা নববর্ষ ও বৈশাখকে।এবার অনুষ্ঠানের মূল গানটি গেয়েছেন মমতাজ। গানটির সুর করেছেন হানিফ সংকেত।লালমনিরহাট জেলার চন্দনপাট কালিস্থানে গড়ে ওঠা ‘বাল্যবিবাহ প্রতিরোধ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব’-এর ওপর রয়েছে প্রতিবেদন। অন্য প্রতিবেদনগুলো তৈরি হয়েছে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ১১০ বছরের বৃদ্ধ আবদুল লতিফ ও তাঁর ৮৩ বছরের পুরোনো সাইকেল নিয়ে এবং বাগেরহাটের ফকিরহাট থানার লোক বাদ্যযন্ত্রশিল্পী নিখিল কৃষ্ণ মজুমদারের ওপর। রয়েছে লোকনৃত্য, বৈশাখী মেলা নিয়ে অর্জুনের গান, বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ এবং ‘ইত্যাদি’র অন্যান্য নিয়মিত বিভাগ।অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।