রমনায় গাছ চেনানোর জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছ চেনানোর অনুষ্ঠান শুরু হওয়ার আগে রমনা বটমূলে আয়োজকেরা
গাছ চেনানোর অনুষ্ঠান শুরু হওয়ার আগে রমনা বটমূলে আয়োজকেরা

‘সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ’ এই শপথে পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লবের সদস্যরা আজ শুক্রবার সকালে সমবেত হয়েছিলেন রমনার বটমূলে। এটি ছিল সংগঠনটির ২০তম ‘গাছ দেখা, গাছ চেনা’ অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও বৃক্ষ ও প্রকৃতি বিশারদরা পার্কে ঘুরে ঘুরে দর্শনার্থীদের নানা গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এদিন বেশ কয়েকটি গাছের জীবন, ফুল, ফল,ঔষধি গুণ সম্পর্কে আলোচনা হয়। প্রথমে দর্শনার্থীরা চিনে নেন সবুজাভ ফুলে ছাওয়া ছাতিম গাছটিকে। পরে একে একে চেনেন চালতা, ফলসা, দেশী গাব, সোনাপাতি ইত্যাদি গাছ। মহুয়া গাছের নিচে এসে শেষ হয় দিনের কার্যক্রম।
শুরতে সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেন বক্তব্য দেন। উদ্ভিদবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা বলেন, শুধুমাত্র কাঠের বাজারমূল্য দিয়ে নয় বরং প্রকৃতি ও প্রাণী জীবনে সামগ্রিক অবদান বিবেচনায় গাছের প্রকৃতমূল্য নির্ণয় করা প্রয়োজন। নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া চমৎকার করে বুঝিয়ে দেন বট ও অশ্বত্থের পার্থক্য। পাখি বিশারদ ইনাম আল হক জানান রমনার গাছে গাছে বাস করা পাখিদের জীবনযাপনের খুঁটিনাটি।
গাছ দেখতে এসেছিলেন অনেকে। শিশু কিশোরেরাও বাদ পড়েনি। এ যেন ছিল বাবা-মায়ের হাত ধরে পরমবন্ধু গাছের সঙ্গে তাদের নতুন করে বন্ধন স্থাপন। সবমিলিয়ে শ’দেড়েক প্রকৃতিপ্রেমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেন জানান, ২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনাপার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু। তরুপল্লব গাছ চেনানোর অনুষ্ঠান ছাড়াও উদ্যানকর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতিবিষয়ক সাময়িকী প্রকাশনাসহ নানামুখী সমাজ সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।