রমনায় পৌষমেলায় আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য মুখ ঢেকে আছে কুয়াশার আঁচলে। স্বার্থান্বেষীরা নিত্যদিনের মতোই হনহন করে হাঁটছেন রমনা উদ্যানের ভেতরের লাল ইট বিছানো পথগুলো ধরে। তবে লেকের পাড়ে বটমূলের দৃশ্যটি ভিন্ন। এখানে সাজানো হয়েছে মঞ্চ। চারপাশে পিঠাপুলির দোকান। গরম গরম ভাপা, চিতই তৈরি হচ্ছে। সামনের খোলা জায়গায় মাটির চাড়ির মধ্যে কাঠ-খড় দিয়ে প্রস্তুতি চলছে আইলা জ্বালানোর। মঞ্চে হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার আবৃত্তি ‘হে সূর্য শীতের সূর্য...।’ আবৃত্তির সঙ্গে সঙ্গে আইলায় আগুন জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো ত্রয়োদশ পৌষমেলার।গতকাল শুক্রবার ছুটির দিন সকালে রমনার বটমূলে শুরু হলো তিন দিনের পৌষমেলা। পৌষমেলা উদ্যাপন পরিষদ ১৪০৬ সন থেকে নগরজীবনে গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে পৌষমেলার আয়োজন করে আসছে। পৌষ মাস কৃষিজীবী বাঙালির জীবনে সমৃদ্ধি আর আনন্দের প্রতীকে পরিণত। ঘরে ওঠে নতুন ফসল। অভাবের করাল ছায়া সরে যায় কৃষকের মাথার ওপর থেকে। ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন, পাশাপাশি চলতে থাকে যাত্রা, পাঁচালি, জারি-সারি-পালাগানের আসর। নগরবাসীকে অসাম্প্রদায়িক এই উৎসবে শামিল হওয়ার সুযোগ করে দিতেই তিন দিনের এই আয়োজন। এবারের মেলার স্লোগান, ‘জাগো মানুষের সুপ্তশক্তি, হাটে-মাঠে-ঘাটে-বাঁকে’।গান দিয়েই শুরু হয়েছিল অনুষ্ঠান। ‘পৌষে বাও পাহাড়ি মাঠে নতুন তরকারি/ শাকসবজির সবুজ রঙে মন রাঙিয়ে যায়’ সম্মিলিত কণ্ঠে গানটি গেয়ে শোনান ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমির শিল্পীরা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা পরিবেশন করেন ‘ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল্ মাটির টানে’। মিনা বড়ুয়া গেয়ে শোনান ‘যারে যা চিঠি’। খায়রুল আনাম শাকিল শোনান ‘শ্যামলা বরণ বাংলা মায়ের’। ‘আয়রে মোরা ফসল কাটি’ পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী। আবুবকর সিদ্দিক শোনান ‘আমার সোনাইরে নি দেখছো খাজুর গাছ তলায়’। ‘দিন যায় দিন আসে তেরো পার্বণ বারো মাসে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশ্রীর শিল্পীরা। নৃত্যমের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন ‘ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল্ মাটির টানে’ গানটির সঙ্গে।একক ও সম্মেলক গান, আবৃত্তি, নৃত্য দিয়ে সাজানো ছিল সকালবেলার অনুষ্ঠান। মাঝে আলোচনা পর্ব। সভাপতিত্ব করেন গোলাম কুদ্দুছ। আলোচনা করেন ঝুনা চৌধুরী ও হাসান আরিফ। ঘোষণাপত্র পাঠ করেন বিশ্বজিৎ রায়। সঞ্চালনা করেন মানজার চৌধুরী। সকালে দলীয় সংগীতে ছিল ঋষিজ, স্বভূমি, আবৃত্তিতে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র। একক সংগীতে ছিলেন সুতপা রায়, সমর বড়ুয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, খগেন্দ্রনাথ সরকার, মনিফা মোস্তাফিজ। আবৃত্তি করেন রফিকুল ইসলাম ও ডালিয়া আহমেদ। বিকেলের অধিবেশন শুরু হয় তিনটায়। ছুটির বিকেলে বিপুল জনসমাগম ঘটেছিল মেলায়। মঞ্চেও ছিল দেশের বিশিষ্ট শিল্পীদের একক ও দলীয় সংগীত, নৃত্য আবৃত্তি।