রমা চৌধুরীকে নিয়ে সুমন কল্যাণের গান

একাত্তরে সব হারানো মুক্তিযোদ্ধা রমা চৌধুরীকে নিয়ে গান তৈরি করলেন সুরকার-সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী সুমন কল্যাণ। ‘একাত্তরের জননী’ শিরোনামের গানটির কথা লিখেছেন নবাব আমিন। সম্প্রতি বেইলি রোডের ড্রিম ডেস্ক স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
একাত্তরে সব হারানো মুক্তিযোদ্ধা রমা চৌধুরী। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স করা এই মুক্তিযোদ্ধা জননী কারও কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়ার চেয়ে খালি পায়ে শহরের রাস্তায় রাস্তায় হেঁটে নিজের বই বিক্রি করাকেই সম্মানজনক ও উপযুক্ত ভেবেছেন।
রমা চৌধুরীকে নিয়ে গান করা প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘আসলে, ছোটবেলা থেকেই চট্টগ্রামে আমরা প্রিয় রমা মাসিকে দেখে আসছি। স্বাধীনতার পর থেকে যে মানুষটি এখনো পর্যন্ত কারও কাছ থেকে এতটুকু সাহায্য-সহযোগিতা ছাড়া বুকে পাথর চেপে বেঁচে আছেন, তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই কাজটি করা। অনেক দিনের পরিকল্পনা ছিল এই মানুষকে নিয়ে কাজ করার। এত দিন তা করা হয়ে ওঠেনি। তাই এবার করে ফেললাম।’
গান প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘এই প্রজন্মের অনেকেরই সেই সময়ের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তেমন ধারণা নেই। তাঁদের সঙ্গে এই প্রজন্মের পরিচয় করারও একটা মাধ্যম হতে পারে এই গান। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করতে। আমি আশাবাদী, গানটি শুনলে সবার ভালো লাগবে।’
বর্তমানে গানটি soundcloud.com/zoinul-abidin-dipu/71-jononi-mp3? লিংকে পাওয়া যাচ্ছে। সেখান থেকে শ্রোতারা গানটি শুনতে পারবেন। শিগগির গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে। ‘একাত্তরের জননী’ গানের কথা:
স্মৃতির পাতায় চোখ বোলালেই এখনো ভারী হয় যার চারপাশ
তাঁর পায়ে নতজানু হয়ে আজও অপরাধী সাজে ইতিহাস
এখনো তিনি কাঁদেন বলে এ দেশটা যায় ভিজে
আর কত কাল কাঁদতে হবে জানেন না মা নিজে
হয়তো তিনি নন তোমার-আমার কারও গর্ভধারিণী
তবুও তিনি দূরের কেউ নন একাত্তরের জননী
গানপাউডারের গন্ধ জানি আজও তার নিঃশ্বাসে করে বিচরণ
মনের ভিটায় জ্বলছে এখনো ঘর পোড়ানোর দহন
তাঁর ‘একাত্তরের জননী’ পড়ো জানবে অজানা সব কাহিনি
ছেলেহারা মা এখনো হাঁটেন নাগরিক ধুলো মেখে শূন্য দু’পায়
বয়স ছুঁল শৈশব ঠিকই স্বপ্নের ঠাঁই হলো কোথায়
যাঁর ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’ এখনো শুনিনি
২০১২ সালে বাজারে আসে সুমন কল্যাণের প্রথম একক অ্যালবাম ‘নাগরিক আকাশ’। অ্যালবামটির সব কটি গানই বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে।