রম্য টেলিছবি 'হাসির পাত্র'

পরিচালক জুয়েল রানার হাতেখড়ি হুমায়ূন আহমেদের কাছ থেকে। তাঁর সঙ্গে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। বিশেষ করে নুহাশ চলচ্চিত্রের অনেক নাটকেই হুমায়ূন আহমেদের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা জমেছে জুয়েলের ঝুলিতে। সময় এসেছে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর। জুয়েল এবার এককভাবে নির্মাণ করছেন একটি রম্য ধাঁচের টেলিছবি। নাম হাসির পাত্র। লিখেছেন মাহফুজ রহমান। অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, শামীম শাহেদ, শবনম পারভীন ও ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ আজমেরী আশা।
জুয়েল রানা বলেন, ‘স্যারের (হুমায়ূন আহমেদ) কাছ থেকেই নাটক নির্মাণ, বিশেষ করে রম্য নাটক নির্মাণের ব্যাপারে অনেক কিছু শিখেছি। তিনি আমার গুরু। এবার নিজেই রম্য টেলিছবিটি নির্মাণের সময় তা কাজ করেছে। চেষ্টা ছিল স্যারের শেখানো বিদ্যা ভালোভাবে কাজে লাগানো। আশা করি, হাসির পাত্র দর্শকদের ভালো লাগবে।’
হাসির পাত্র প্রচারিত হবে ১৭ জানুয়ারি, চ্যানেল আইয়ে।