রসগোল্লা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলার ঈদের স্মৃতিগুলো সবার কাছেই জ্বলজ্বলে। বিনোদন-জগতের কয়েক জোড়া তারকা ভাইবোন জানিয়েছেন ঈদ নিয়ে তাঁদের ছোটবেলার কিছু স্মৃতি।হামিন ও শাফিনের ঈদস্মৃতি বেশ বর্ণাঢ্য। তাঁদের কাছে ছোটবেলার ঈদ মানেই ফরিদপুরে নানাবাড়ি। ‘ঈদের কয়েক দিন আগেই আত্মীয়স্বজন মিলে জনা পঞ্চাশেক লোক চলে যেতাম ফরিদপুরে। রাতের বেলা সব আত্মীয়স্বজন যেকোনো একজনের বাসায় একত্র হতাম। সারা রাত জেগে ভাইবোনেরা মিলে মজা করতাম। ভোর পাঁচটায় রওনা হয়ে বিকেল ছয়টায় পৌঁছাতাম নানাবাড়ি।’ বলছিলেন হামিন আহমেদ। এত লম্বা রাস্তা হলেও কোনো ক্লান্তি থাকত না কারও মাঝে। শাফিন আহমেদ বললেন, ‘তখন আরিচার রাস্তাভর্তি ছিল গাছ আর গাছ। মনে হতো গুহার ভেতর দিয়ে যাচ্ছি। পথে তিনটি ফেরি পার হতে হতো। ফেরিতে আমরা অনেক মজা করতাম। নদী দেখতাম, ফেরির খাবার খেতাম।’তবে তাঁদের আসল মজা শুরু হতো নানাবাড়ি যাওয়ার পর। পুকুরে মাছ ধরা, ক্রিকেট খেলা, বরই খাওয়া, একসঙ্গে নামাজ পড়া—সব মিলিয়ে স্মরণীয় কিছু সময় পার করতেন। ‘মনে আছে, রাতের বেলা মাদুর পেতে উঠানে আড্ডা দিতাম সব ভাইবোন মিলে। আমি আর শাফিন সেখানে গান গাইতাম। অন্য রকম সময় ছিল সেটা।’ হামিন আহমেদের কথা শেষ না হতেই শাফিন আহমেদ বললেন, ‘নানার বাড়িতে নেমেই প্রথমে ডাব পেড়ে খেতাম। সব কাজ করতাম হামিন ভাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে। মনে আছে, একবার রসগোল্লা চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলাম।’ হামিন আহমেদ বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ। সব সময় শাফিন আর আমার মধ্যে রসগোল্লা, চমচম খাওয়া নিয়ে কাড়াকাড়ি পড়ত। কে কত বেশি খেতে পারে। একবার নানির লুকিয়ে রাখা চমচমের হাঁড়ি খুঁজে পেয়ে আমরা সমানে সেই মিষ্টি খাওয়া শুরু করলাম। ঈদের দিন অতিথি আপ্যায়ন করার সময় দেখা গেল, মিষ্টি প্রায় শেষ। তখন চোর উদ্ধার করা হলো। ধরা খেয়ে আমাদের তো বুক ধড়ফড় অবস্থা। কিন্তু নানি কিছুই বললেন না। উল্টো বাকি রসগোল্লা, চমচম আমাদের হাসিমুখে দিয়ে দিলেন। আমাদের আনন্দ দেখে কে!’