রহমান বয়াতির জন্য সহায়তা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলশিল্পী আবদুর রহমান বয়াতির চিকিৎসা অব্যাহত আছে। তাঁর অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে। রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ২১১ নম্বর কেবিনে ভর্তি আছেন তিনি। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অসুস্থ এই শিল্পী। তবে চিকিৎসার জন্য অর্থসহায়তা প্রয়োজন।পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর থেকে স্পষ্ট করে কথা বলতে পারেন না তিনি। বছরখানেক ধরে চলাফেরাও করতে পারেন না। রহমান বয়াতির ছেলে মোহাম্মদ আলম জানান, গত ১৪ আগস্ট সকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে তাঁর বাবাকে প্রথমে পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ২২ আগস্ট জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সম্প্রতি শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের পরিচালক (প্রশাসন) মাহবুবুল আলম জানিয়েছেন, তাঁরা আবদুর রহমান বয়াতির ওষুধসহ হাসপাতালের যাবতীয় চিকিৎসার খরচ বহন করছেন। রহমান বয়াতির চোখের চিকিৎসা প্রয়োজন। শারীরিক অবস্থা আরেকটু ভালো হলে চোখে অস্ত্রোপচার করা হবে। মোহাম্মদ আলম জানান, ২০০৩ সালের সেপ্টেম্বরে বিটিভির স্বদেশ সংস্কৃতি অনুষ্ঠানে গান করার সময় আকস্মিকভাবে মস্তিষ্কে রক্তক্ষরণে শিল্পী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসা অব্যাহত রাখতে গিয়ে তাঁর পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অনেক টাকা ঋণ হয়েছে। এ পরিস্থিতিতে শিল্পীর পরিবার মানবেতর জীবনযাপন করছে। মোহাম্মদ আলম আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘কদিন পর ঈদ। কিন্তু আমাদের পরিবারে ঈদ নিয়ে কোনো আনন্দ নেই। বাবাকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি। গত কয়েক বছরে বাবার চিকিৎসা করতে গিয়ে অনেক ঋণী হয়েছি। ঋণের কথা শুনলে বাবাও অস্থির হয়ে পড়েন।’ উল্লেখ্য, সম্প্রতি এই বাউলশিল্পীর চিকিৎসার্থে একটি সহায়তা তহবিলও খোলা হয়। এই তহবিলে আবদুর রহমান বয়াতির গানের অনুরাগী ও সহূদয় ব্যক্তিরা তাঁর চিকিৎসায় সহযোগিতা করতে পারবেন। তহবিলের ঠিকানা: আবদুর রহমান বয়াতি সহায়তা তহবিল, হিসাব নম্বর: ৩৩০১৬৬৬৬, অগ্রণী ব্যাংক, হাটখোলা শাখা।