রহস্যময় রোবটদের গ্র্যামি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফট পাংকের সদস্যরা
ড্যাফট পাংকের সদস্যরা

গ্র্যামি পেয়ে গেলে মঞ্চে উঠে কী বলবেন, অন্তত এ নিয়ে ভাবতে হয়নি ড্যাফট পাংকের সদস্যদের। বরাবরের মতো রোবট কস্টিউমেই হাজির হলেন তাঁরা। কথা না বলা দুই রোবটই জিতে নিল চার-চারটি গ্র্যামি। আর তাদের হয়ে সবাইকে ধন্যবাদ জানালেন ফ্যারেল উইলিয়ামস। ড্যাফট-পাংকের ‘গেট লাকি’ গানটি গেয়েছেন এই শিল্পী। একটুর জন্য অবশ্য মনে হয়েছিল এবার কি তাঁরা হেলমেটটা খুলবেন বা রোবট গলাতেই কিছু বলে উঠবেন? না, চরিত্র থেকে বের হননি তাঁরা। অনুষ্ঠানের মাঝেই পোশাক বদলেছেন, তা-ও একই ঢংয়ের রোবট কস্টিউম, সঙ্গে মানানসই হেলমেট। আর তাঁদের এই রোবট কস্টিউমই গ্র্যামির সেরা পোশাকের একটি বলে বিবেচিত হচ্ছে।
এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসে র‌্যানডম অ্যাকসেস মেমোরি অ্যালবামের জন্য তারা জিতে নিয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং সেরা ড্যান্স-ইলেকট্রনিকা অ্যালবাম সম্মাননা। আর ‘গেট লাকি’ গানটির জন্য পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং সেরা পপ-ডুয়ো পারফরম্যান্সের খেতাব। ড্যান্স-ইলেকট্রনিকা ঘরানার গানের জন্য মূল বিভাগে গ্র্যামি জয়—বহু বছর পর ঘটল এমন ঘটনা। ১৯৭৯ সালে একই ঘরানার স্যাটারডে নাইট ফিভার অ্যালবামটি জিতেছিল ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ খেতাব।
গি ম্যানুয়েল দি হোমেম ক্রিস্তো এবং টমাস ব্যাঙ্গলতর-মুখোশের আড়ালে এই দুই ফরাসি শিল্পীকে নিয়েই ড্যাফট পাংক ব্যান্ডদল। ১৯৯৭ সালে মুক্তি পায় তাদের প্রথম অ্যালবাম হোমওয়ার্ক। এর পর থেকে গ্র্যামিতে ড্যান্স রেকর্ডিং বিভাগে নিয়মিতই মনোনয়ন পেয়েছে তারা। তবে সেরা অ্যালবাম, সেরা রেকর্ড এ ধরনের বিভাগে এবারই প্রথম মনোনয়ন, আর প্রথমবারেই তারা ‘লাকি’। বিলবোর্ডের চার্টের ১ নম্বর আসনে স্থান পাওয়াটাও এবারই প্রথম।
একদম শুরুর দিকের কিছু ছবি ছাড়া এই দুই শিল্পীর মুখ দেখা গেছে খুব কমই। বেশির ভাগ সময়েই হেলমেট বা রোবট মুখোশ পরে থাকেন তাঁরা। খুব ধরনা দিয়ে তবেই পেতে হয় তাঁদের সাক্ষাৎকার। আর ভিডিও সাক্ষাৎকারেও মুখ ঢেকে দেন তাঁরা। নাহ্, দেখতে মোটেই খারাপ নন। বরং রীতিমতো সুদর্শন। তবে কেন মুখ লুকানো? ব্যাখ্যা দিয়েছেন ব্যাঙ্গলতর। তাঁরা বেশ লাজুক বলেই মুখ ঢেকে রাখতে পছন্দ করতেন। ‘পুরো ব্যাপারটা নিয়েই আমরা একটু বিব্রত। আমরা স্টার সিস্টেমের অংশ হতে চাই না। আমরা চাই না পথেঘাটে সবাই আমাদের চিনে ফেলুক।’ ২০০৪ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি।
ব্যাপারটি মেনে নিয়েছে ভক্তরাও। রোবট চরিত্রেই তারা দেখতে চায় প্রিয় এই দুই শিল্পীকে। সম্প্রতি বাজফিড ওয়েবসাইটে প্রকাশ হয়েছে তাঁদের ছবি। সেখানে ভক্তদের মন্তব্যগুলো বেশ মজার:
‘সবই মিথ্যা, সবাই জানে ড্যাফট পাংকের সদস্যরা আসলেই রোবট। কেন মিথ্যা ছড়াচ্ছ বাজফিড।’
‘ওরা মনে হয় এসব অনুষ্ঠানে নিজেরা যায়ই না। হেলমেট পরে যে কাউকে পাঠিয়ে দেয়। কেউই তো বুঝবে না হেলমেটের আড়ালে কে আছে।’
‘আমরা এই রহস্যভেদ চাই না।’