রাইমাকে চার প্রশ্ন

রাইমা সময় দিয়েছিলেন। বিমানবন্দরে যাওয়ার পথে ফোনে কথা বলবেন। সেভাবেই যোগাযোগ।
হ্যালো, রাইমা!
ও, আপনি ফোন করেছেন? চারটি প্রশ্ন করবেন বলেছিলেন৷ বলুন, শুনছি।
আপনি তো বই পড়তে ভালোবাসেন৷ কোন তিনটি বই আপনার বেশি প্রিয়?
রাইমা সেন: রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। অসাধারণ একটি উপন্যাস! তারপর মার্লোন ব্রান্ডোর জীবনী। আর এরিক সেগালের লাভ স্টোরি।
তিনটি ফুলের নাম বলুন, যেগুলো দেখলেই আপনার মন ভালো হয়ে যায়?
রাইমা সেন: প্রথম পছন্দ লিলি৷ তারপর লোটাস। আর যে ফুলের গন্ধ আমার মনকে মাতাল করে দেয়, সেটি রজনীগন্ধা!
আপনি তো প্রায়ই বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান। তিনটি স্থানের নাম বলুন, যেগুলোতে বারবার ঘুরতে ইচ্ছে করে৷
রাইমা সেন: প্রথমেই ব্যাংকক। এক কথায় অসাধারণ! লন্ডনও বেশ ভালো লাগে। তিন নম্বরটি রাজধানী নয়, দেশ—সুইজারল্যান্ড৷ দেশটির প্রাকৃতিক সৌন্দর্য তো এক কথায় অনবদ্য!
আপনার প্রিয় তিনজন নায়কের নাম বলুন, যাঁদের অভিনয় আপনাকে মুগ্ধ করে...
রাইমা সেন: শাহরুখ খানকে খুব ভালো লাগে। তারপর রণবীর কাপুর আর হৃতিক রোশন।...চারটা প্রশ্ন হয়ে গেছে৷ এবার তাহলে রাখি?
আমার ব্যালান্স শেষ হওয়ার আগেই রাইমা কেটে দিলেন ফোন৷