রাইমার অনুরোধ
দিওয়ালিতে মুক্তি পাচ্ছে রাইমা সেন অভিনীত বাংলা ছবি নটবর নট আউট। অমিত সেন পরিচালিত কমেডি ধাঁচের এই ছবির অন্যতম আকর্ষণ মুস্তফা প্রকাশ। বাংলাদেশের ছেলে প্রকাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র। টুইটারে রাইমা সেন ছবিটি নিয়ে বেশ প্রচারণা চালাচ্ছেন। ১২ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি। একই দিন প্রিয়া প্রেক্ষাগৃহে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে।প্রথম আলোর এক প্রশ্নের জবাবে রাইমা জানান, বাংলাদেশের প্রকাশের সঙ্গে কাজ করে তিনি সন্তুষ্ট। আর তিনি চান, বাংলাদেশের দর্শকেরা যেন অবশ্যই ছবিটি মিস না করেন। অন্তত প্রকাশের জন্য হলেও ছবিটি তাঁদের দেখা উচিত।রাইমা জানান, নটবর নট আউট মুক্তির পর আরও একটি বাংলা ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।এদিকে প্রকাশ বললেন, ‘ছবির মুক্তি উপলক্ষে ৮ নভেম্বর কলকাতা যাচ্ছি। শুনেছি অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। কলকাতার ছবিতে হয়তো এখন থেকে নিয়মিতই অভিনয় করতে হবে। কারণ, কয়েকজন নির্মাতার সঙ্গে সে রকমই আলোচনা হয়েছে।’