রাইমার নায়ক মুস্তফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারমাধ্যমে মুস্তফা প্রকাশের নামটা একেবারেই নতুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে পড়াশোনা করছেন। মঞ্চনাটক করছেন। এবার তিনি ভারতের কলকাতার ছবিতে অভিনয় করেছেন। ছবিতে তাঁর বিপরীতে আছেন রাইমা সেন। ছবির নাম নটবর নটআউট। পরিচালনা করেছেন অমিত সেন।কলকাতার চলচ্চিত্রে সুযোগ পাওয়া প্রসঙ্গে মুস্তফা বললেন, ‘বছর দুয়েক আগে ঢাকায় অমিত সেনের সঙ্গে পরিচয় হয়। ওই সময়ই তিনি আমাকে প্রথম পছন্দ করেন। এরপর কয়েকবার বাছাইপর্বের মুখোমুখি হতে হয়েছে আমাকে। সব শেষে এই চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পাই।’চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মুস্তফা বলেন, ‘শুরুতেই এত বড় একটা সুযোগ পাব, ভাবিনি। অসাধারণ একটা দলের সঙ্গে কাজ করেছি। একবারও মনে হয়নি দেশের বাইরে কাজ করছি। আর রাইমার সঙ্গে কাজ করাটাও বিশাল অভিজ্ঞতা।’ ইন্টারনেটের মাধ্যমে রাইমা সেনের সঙ্গে যোগাযোগ হয় এই প্রতিবেদকের। রাইমা বললেন, ‘ভেবেছিলাম নতুন ছেলে, কেমন অভিনয় করবে। কিন্তু প্রথম কাজ হলেও মুস্তফা অনেক ভালো কাজ করেছে। ওর সঙ্গে শুটিংয়ের প্রতিটি মুহূর্ত অনেক উপভোগ করেছি।’ জুলাই মাসে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।