রাওলিংয়ের বক্তব্য চুরি করেছেন শাহরুখ!

গত সেপ্টেম্বরে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিয়েছিলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। ২০০৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘হ্যারি পটার’খ্যাত ব্রিটিশ লেখিকা জে কে রাওলিংয়ের দেওয়া বক্তব্যের কিছু অংশের সঙ্গে শাহরুখের এ বক্তব্যের হুবহু মিল পাওয়া গেছে। তবে কি রাওলিংয়ের বক্তব্য চুরি করেছেন শাহরুখ!
রাওলিংয়ের বক্তব্য চুরির বিষয়টি প্রথম লক্ষ করেন বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট অগ্রথা দীনাকরণ। পরে তিনি তাঁর ব্লগে বিষয়টি নিয়ে লেখেন। সম্প্রতি এক খবরে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে জিনিউজ।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে দারিদ্র্য, বিবাহবিচ্ছেদ, ব্যর্থতাসহ নিজের জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরেছিলেন রাওলিং। বক্তব্যের একটি অংশে তিনি বলেছিলেন, ‘আমার দারিদ্র্যের অভিজ্ঞতাটা মোটেও সুখকর ছিল না। নৈতিক মানোন্নয়নের পথে বড় বাধা হলো দারিদ্র্য। এটি ভয়, মানসিক চাপ এবং কখনো কখনো হতাশার জন্ম দেয়। মানুষকে চরম অবমাননা আর দুর্ভোগের দিকে ঠেলে দেয় দারিদ্র্য।’
রাওলিংয়ের বক্তব্যের এ অংশের সঙ্গে শাহরুখের বক্তব্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। শাহরুখ তাঁর বক্তব্যে বলেছেন, ‘আমি সবাইকে বলতে চাই, দারিদ্র্যের অভিজ্ঞতা আদৌ সুখকর কোনো বিষয় নয়। এটি নৈতিক মানোন্নয়নের পথে বড় বাধা। এটি ভয়, মানসিক চাপ এবং কখনো কখনো হতাশার জন্ম দেয়। বহুবার আমি আমার মা-বাবাকে চরম দারিদ্র্যের মধ্য দিয়ে যেতে দেখেছি। এটি মানুষকে চরম অবমাননা ও দুর্ভোগের দিকে ঠেলে দেয়।’
রাওলিং তাঁর বক্তব্যে আরও বলেছিলেন, ‘প্রাপ্তি ও অর্জনের তালিকা তৈরিই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। এই সত্যটা উপলব্ধি করার ভেতরই সুখ লুকিয়ে থাকে। জীবনে আপনার যোগ্যতা কিংবা জীবনবৃত্তান্ত খুব বেশি জরুরি নয়। সত্যিটা হলো, জীবন অনেক কঠিন, জটিল এবং এর ওপর কারও পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না। অভিমান ভুলে জীবনের উত্থান-পতনের সঙ্গে মানিয়ে চলতে পারলেই কেবল আপনি টিকে থাকতে পারবেন।’
রাওলিংয়ের বক্তব্যের এ অংশ প্রতিধ্বনিত হয়েছে শাহরুখের বক্তব্যেও। তিনি বলেছেন, ‘প্রাপ্তি, পূর্ণতা এবং সাফল্য অর্জনই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। আপনার যোগ্যতা, জীবনবৃত্তান্ত কিংবা কর্মজীবন জরুরি কিছু নয়। আদতে জীবনটা অনেক কঠিন এবং জটিলতায় ভরা। জীবনের গতিপথকে আপনি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই সত্যটাকে বিনয়ের সঙ্গে মেনে নিলে এবং জীবনের ব্যর্থতাকে শ্রদ্ধার চোখে দেখলে সব চড়াই-উতরাই সামলে টিকে থাকতে পারবেন আপনি।’
এভাবে একজনের বক্তব্য চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়ার বিষয়টি অবশ্যই নিন্দনীয়। বিশেষ করে বলিউডের অন্যতম প্রভাবশালী একজন তারকা অভিনেতার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে শাহরুখকে না জানিয়ে কেউ যদি তাঁকে এ বক্তব্য লিখে দিয়ে থাকেন, তাহলে কিং খানকে খুব বেশি দোষ দেওয়া যায় না।