
জাদু মানেই আকর্ষণীয়। আর সেটা যদি হয় জে কে রাওলিংয়ের কল্পকাহিনির জটিল দুনিয়ার জাদু, অনুরাগী দর্শকেরা তো হুমড়ি খেয়ে পড়বেনই। ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম ছবিটি সে রকমই। এ চলচ্চিত্র নির্মাণের গল্প নিয়ে নিয়ে বেশ কয়েকটি বইও বেরিয়েছে ইতিমধ্যে।
‘হ্যারি পটার’ খ্যাত রাওলিংয়ের এ কাহিনিতে কী আছে? সেটা জানতে ছবিটি আপনাকে দেখতেই হবে। মজার ব্যাপার হলো, রাওলিং এ ছবির মধ্য দিয়েই চিত্রনাট্য লেখার পথচলা শুরু করলেন। এটি লিখতে মাত্র দুদিন লেগেছে তাঁর। সে অভিজ্ঞতার বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, লেখার অনুভূতির স্বাদ বদল হয়েছে। উপন্যাসের তুলনায় এ রকম লেখা সত্যিই আনন্দের। উপন্যাস লিখতে গেলে পুরো একটা বছর তাঁকে নিঃসঙ্গ থাকতে হয়। তারপর কাউকে খুঁজতে হয় সেটা পড়ানোর জন্য।
কাহিনিতে দেখা যায়, নিউট স্ক্যামান্ডার নামের ছেলেটি বিস্ময়কর কিছু প্রাণীর খোঁজে সদ্য বিশ্বভ্রমণ সেরে এসেছে। এমন অসাধারণ কিছুর অনুসন্ধান তার বহু দিনের ইচ্ছে। নিউইয়র্কে ফিরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দেয়। সেখানে কিছু নাও ঘটতে পারত। কিন্তু তার দেখা হয়ে গেল জ্যাকবের সঙ্গে, যে কিনা নিজেই জাদুকরি সত্তার ধারক। নিউট যে রকম অদ্ভুত কিছু খুঁজছিল, ঠিক সে রকম। এই বিচিত্র জাদুকরি প্রাণীরা মোহময় জাল বিস্তার করে সাধারণ মানুষের জন্য সমস্যা সৃষ্টি করারও সামর্থ্য রাখে।
রাওলিং প্রায় ‘হ্যারি পটার’-এর ধাঁচেই এ ছবির কাহিনি লিখেছেন। হয়তো চিরপরিচিত চরিত্রগুলোর বাইরে নতুন কিছু চরিত্র তৈরির জন্যই। তাঁর পরিকল্পনা আছে, এ কাহিনির আরও দুটি পর্ব লেখার। এখানে নিউট স্ক্যামান্ডারকে ‘জাদুকরি প্রাণিবিশারদ’ আখ্যা দিয়েছেন। ছবিটি প্রযোজনা করেছেন ডেভিড হেম্যান। ‘হ্যারি পটার’ সিরিজের ব্যবসাসফল আটটি ছবির সবকটির প্রযোজকও ছিলেন তিনি।
ডেভিড ইয়াটসের পরিচালনায় ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম ছবিতে অভিনয় করেছেন এডি রেডমাইন, ক্যাথেরিন ওয়াটারস্টন, এজরা মিলার, অ্যালিসন সুডল, ড্যান ফগলার, সামান্থা মরটন প্রমুখ। মুক্তি পেয়েছে গত ১৮ নভেম্বর। তারপর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এ ছবি। প্রথম দুই সপ্তাহেই বিশ্বজুড়ে আয় করেছে ৫০ কোটি মার্কিন ডলারের বেশি। বছরের শেষে এটি সবচেয়ে ব্যবসাসফল ছবিও হয়ে যেতে পারে। ঢাকার সিনেপ্লেক্সেও চলছে জাদুকরি এ গল্পের চলচ্চিত্রটি।
আশিস আচার্য
ফোর্বস, ভ্যারাইটি ও মুভি ইনসাইডার অবলম্বনে