রাখাইনদের জলে ভেজা সাংগ্রাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বাংলা নববর্ষের তিন দিন পর অর্থাৎ ১৭ এপ্রিল থেকে শুরু হয় রাখাইন অব্দের নতুন বছর। রাখাইনরা নতুন ১৩৭৩ অব্দকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে তিন দিনের এই উৎসবে মেতে ওঠে। উৎসবের প্রথম দিন গতকাল রোববার বেলা আড়াইটা থেকে শহরের টেকপাড়া, বার্মিজ স্কুল, বড়বাজার, চালবাজার, বৌদ্ধমন্দির এলাকায় শত শত রাখাইন তরুণ-তরুণী পরস্পরের দিকে জল ছুড়ে শরীর ভিজিয়ে নতুন ভালোবাসায় সিক্ত হন। জলকেলি ছাড়াও সারা দিন ঘরে ঘরে অতিথি আপ্যায়ন, সড়ক ও মণ্ডপে বিশেষ নৃত্য ও ব্যান্ডসংগীতের আয়োজন চলে। রাস্তায় রাস্তায় চলে বাদ্যযন্ত্র নিয়ে ছেলেমেয়েদের নাচগান। জেলার চকরিয়া, হারবাং, খুরুশকুল, চৌফলদণ্ডি, মহেশখালী, টেকনাফসহ বিভিন্ন রাখাইনপল্লিতেও জাঁকজমকভাবে এই উৎসব পালিত হচ্ছে। হাজার হাজার বাঙালি জলকেলিতে যোগ দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। শহরের টেকপাড়ার রাখাইন তরুণী ম্যা মা ছিন রাখাইন (২১) জানান, ‘ধনী-গরিব ভেদাভেদ ভুলে আমরা এই উৎসবে সকল মানুষের জন্য কল্যাণ কামনা করি। পবিত্র জল ছিটিয়ে মনের দুঃখ-বেদনা দূর করি। নতুন বছরটি যেন সবার ভালোয় কাটে, সেই আকাঙ্ক্ষা প্রত্যাশা করি।’ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি উ ক্য থিন জানান, গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৪৩টি মণ্ডপে উৎসব চলছে। আরও দুদিন জেলার প্রায় ৫০ হাজার রাখাইন এই উৎসবে অংশ নেবে।