রাখির ইচ্ছাপূরণ
ইচ্ছার পরিসমাপ্তি ঘটলে নাকি মনের শান্তির যাত্রা শুরু হয়। তাঁর ইচ্ছা হয়েছে পূরণ। ছোটবেলায় মগ্ন হয়ে ভাবতেন, মৌয়ের মতো বিজ্ঞাপনে মডেল হয়ে প্রতিদিন পর্দায় ভেসে উঠবেন। আজরা মাহমুদের মতো র্যা ম্পে হেঁটে চলবেন। অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকী বা গাজী শুভ্রদের মতো গুণী নির্মাতার বিজ্ঞাপনে কাজ করবেন। শহর, শহর থেকে দূরে পৌঁছে যাবে যশ, প্রশংসা। এখন সবই হয়েছে তাঁর। কিন্তু মনের শান্তির যাত্রা কি শুরু হয়েছে তাঁর? ‘না না, এখনো হয়নি। সবেমাত্র তো কাজ শুরু করলাম। আমার স্বপ্নের শুরুটা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু সেই শান্তির যাত্রা পেতে আমাকে এ পথে এখনো অনেক দূর.. হাঁটতে হবে’, বললেন তিনি। আর এই তিনিই হলেন ২০১০-এর লাক্স-চ্যানেল আই সুপারস্টার রাখি। সুপারস্টারের মুকুট মাথায় নিয়ে এখন ছড়িয়ে পড়েছেন রঙিন বিনোদন ভুবনের নানা দিকে। মডেলিং, নাটক ও উপস্থাপনার সাম্রাজ্যে। কিন্তু এই সাম্রাজ্যে প্রবেশের আগে স্বপ্ন ভাঙা, স্বপ্ন গড়ার দিনগুলো কেমন ছিল তাঁর?টিনএজ যখন, মনের পুরো জায়গায়ই স্বপ্ন আঁকতেন, বিজ্ঞাপনে মডেল হবেন। তাই সারা দুনিয়ার সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠান দেখা চাই-ই চাই। মিস ওয়ার্ল্ড, মিস ইউনির্ভাস—কোনো কিছুই বাদ দিতেন না। ২০০৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার একটা পর্বও দেখা তিনি বাদ দেননি। স্বপ্ন দেখা মন নিয়ে ২০০৯ সালে এক কাজিনের সঙ্গে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে যান। কিন্তু বয়স বাগড়া দিয়ে বসে। রেজিস্ট্রেশন করতে হলে বয়স ১৮ হতে হবে। কি আর করার! পরের বছর ২০১০ সালে সেই অপেক্ষার পালা শেষ হয়। নিবন্ধন করলেন তিনি। তারপর...?চলুন, এবার ইতিহাস গড়ার সেই ঘটনা রাখির মুখ থেকেই শুনি। ‘আমাকে সুপারস্টার হতে হবে, এমন চিন্তা প্রথম দিকে একেবারেই ছিল না। ইচ্ছা ছিল প্রতিযোগিতার বিভিন্ন ধাপ কীভাবে পার হয়, তা দেখা, জানা ও অভিজ্ঞতা নেওয়া। কিন্তু যখন দেখলাম, প্রতিটি ধাপই খুবই সফলভাবে পার হয়ে যাচ্ছি, তখন নিজের মধ্যে সুপারস্টার হওয়ার তাগিদ অনুভূত হলো। শীর্ষ দশে এসে নিজের মধ্যে প্রথম হওয়ার বাজি ধরে বসলাম। কেননা, আমার শিক্ষাজীবনে কখনো আমি দ্বিতীয় হইনি। এখানেও আমাকে প্রথম হতে হবে।’শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণায় মঞ্চ আলোকিত করে প্রথম হয়ে রাখি লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট পরলেন মাথায়। বিপাশা হায়াতের লেখা, তৌকীর আহমেদের পরিচালনায় বিস্ময় নাটকে প্রথম অভিনয় করলেন। নতুন অভিজ্ঞতা, অনুভূতি কেমন ছিল তাঁর? জানতে প্রশ্ন করি তাঁকে। রাখি বললেন, নাটকটিতে তৌকীর ভাই সহশিল্পী হিসেবেও ছিলেন। প্রথম একটু টেনশন কাজ করছিল। তৌকীর ভাই আমাকে সহযোগিতা করেছেন।’ প্রথম নাটক প্রচারের পর রাখির অভিনয়জীবন পাল্টে যায়। পরপরই আবুল হায়াতের পরিচালনায় অরণ্য মঞ্জুরী নাটকে অভিনয় করেন। অল্প দিনের মধ্যেই মাহফুজ আহমেদ, মোশাররফ করিমদের মতো অনেক গুণী অভিনেতার মুখ থেকে প্রশংসা পেয়ে যান রাখি। তাঁদের কথায় উঠে আসে, রাখির মধ্যে নাকি শমী কায়সারের ছায়া পাওয়া যায়। রাখি কী বলেন? ‘এত বড় বড় অভিনেতার প্রশংসা পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আমি আরও ভালো কাজ করতে চাই।’ তবে মাত্র এক বছরের মাথায় রাখি অভিনীত নাটকের ঝুড়িতে ৩৫টি নাটক যোগ হয়ে যায়। সেদিক থেকে বিজ্ঞাপনের সংখ্যা নিতান্তই কম। সিলন চা, এলিট পেইন্টের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। উপস্থাপনা করছেন লাক্স ড্রামাকম অনুষ্ঠানের।বিজ্ঞাপনের মডেল হওয়াই যাঁর একমাত্র ধ্যানজ্ঞান। কিন্তু বিজ্ঞাপন থেকে নাটকেই তিনি এগিয়ে। কেন? প্রশ্ন নিয়ে তাঁর কাছে যাই। সোজাসাপ্টা উত্তর দেন তিনি। বললেন, ‘আমাদের বিজ্ঞাপনের বাজার ছোট। বিজ্ঞাপনের জন্য বসে থাকলে মিডিয়ায় টিকে থাকা যাবে না। এ জন্য ভালো নাটকের কাজ বেশি বেশি করতে হবে। তবে বিজ্ঞাপনের কাজটি পণ্য এবং নির্মাতা দেখে দেখে করব।’ তাহলে কি এখন শুধু নাটক নিয়েই ব্যস্ততা যাচ্ছে? ‘না, এই মুহূর্তে নাটকের কাজও একটু কমিয়ে দিয়েছি। কিছুদিন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে চাই। তবে আগামী ঈদের জন্য সম্রাট ভাইয়ের পরিচালনায় ভালোবাসা ইম্পোসিবল এবং রাজ্জাক আংকেলের একটা টেলিফিল্মে কাজ করব। এ ছাড়া ঈদের জন্য আরও দুয়েকটা কাজ করতে পারি’, বললেন রাখি। অভিনয়, মডেলিংয়ের বাইরেও তিনি আরও একটা স্বপ্ন মনের মধ্যে বুনন করে চলেছেন। তা-ও পাঠককে জানিয়ে রাখেন রাখি। বর্তমানে ‘এ’ লেভেলের ছাত্রী রাখি। ভবিষ্যতে তিনি পাইলট হতে চান।