রাখির ডাকে বাবা রামদেবের সাড়া!
উদ্ভট সব কর্মকাণ্ডের জন্য বলিউডে রাখি সাওয়ান্ত একটু অন্যভাবেই পরিচিত। কিছুদিন আগে হঠাত্ করেই বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত যোগগুরু বাবা রামদেবকে বিয়ের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় আসেন। বাবা রামদেবের মনোযোগ আকর্ষণে বিতর্কিত সবকিছুই করার ইচ্ছেও পোষণ করেছিলেন তিনি। অবশেষে বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের প্রস্তাবে সাড়া দিলেন ভারতের যোগগুরু বাবা রামদেব! বিষয়টি পরিষ্কার হয় যখন রাখি সাওয়ান্ত পরিচালিত ‘গজব দেশ কি আজব কাহানিয়া’ অনুষ্ঠানে বাবা রামদেবের উপস্থিতির ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর। খবর হিন্দুস্তান টাইমস। সূত্রে জানা গেছে, বাবা রামদেবকে বিয়ে করার ঘোষণার পর রাখি সাওয়ান্তকে নিয়ে চারদিকে নানা বিতর্কের সৃষ্টি হয়। এরপর তাঁকে ‘গজব দেশ কি আজব কাহানিয়া’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান রাখি। অবশেষে তিনি সেখানে আসতে রাজি হন। এদিকে বাবা রামদেবকে অনুষ্ঠানে ব্যাপকভাবে সংবর্ধনা দেওয়ার কথাও ভাবছেন রাখি। এমনকি তাঁকে সন্তুষ্ট করার জন্য সব ধরনের আয়োজনই তিনি রাখবেন বলে জানা গেছে। প্রণাম করা থেকে শুরু করে একটি ভালো মানের আইটেম ড্যান্সও থাকবে অনুষ্ঠানে। ‘গজব দেশ কি আজব কাহানিয়া’ অনুষ্ঠানে বাবা রামদেবের আসা নিয়ে সবার মধ্যে বেশ কৌতূহলও তৈরি হয়েছে। অনুষ্ঠানে বাবা রামদেব কী বলেন সেটার জন্য টিভি দর্শকেরা উদগ্রীব। তা ছাড়া অপ্রকাশ্যে প্রেম নিবেদন করে থাকলেও অনুষ্ঠানে সবার সামনে রাখি সাওয়ান্ত বাবা রামদেবকে সত্যিই প্রেম নিবেদন করেন কি না, সেটাই দেখার বিষয়। আর তাতে যোগগুরু বাবা রামদেব সাড়া দেন কি না, সেটার জন্যও সবাইকে অপেক্ষা করতে হবে। রাখি বলেন, ‘বাবা রামদেবকে যখন দেখেছি, তখন থেকেই তাঁর প্রেমে পড়ে গেছি। আর তাঁকে যখন ইয়োগা করতে দেখেছি, তখন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থেকেছি। বারবারই তাঁর চেহারা আমার চোখে ভাসতে থাকে।শুধু বাবা রামদেবকেই নয়, রাখি এর আগে রাহুল গান্ধীকেও বিয়ে করার ইচ্ছে পোষণ করেছিলেন। কিন্তু এখন রাহুলের চেয়ে রামদেবই নাকি তাঁর বেশি পছন্দের। এ কথা রাখি স্বীকার করেছেন বেশ অকপটেই।