রাখির শ্রীলঙ্কা সফর
শ্রীলঙ্কায় একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিলেন লাক্স-চ্যানেল সুপারস্টার মাহবুবা রাখি। কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার গাওয়া ‘ইওর লাভ’ শিরোনামের গানের মডেল হয়েছেন তিনি। এটি রাখির প্রথম মিউজিক ভিডিও। এমনকি শ্রীলঙ্কায় এটি তাঁর প্রথম সফর বলেই জানিয়েছেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে এটির সম্পাদনার কাজ চলছে। মিউজিক ভিডিওতে কাজ করার বিষয়ে রাখি বলেন, ‘মিডিয়ায় কাজ করার একেবারে শুরু থেকেই মিউজিক ভিডিওতে কাজ করার অনেক প্রস্তাব পেয়ে আসছিলাম। কিন্তু কোনোটিতেই কাজ করার আগ্রহ হয়নি। অনেকদিন ধরে কনা আপু চাইছিলেন ইওর লাভ গানটিতে আমি যেন মডেল হিসেবে কাজ করি। তারপর মাত্র চারদিন সময় বের করে এই শ্রীলঙ্কায় যাওয়া। একটানা দুইদিন শুটিং করে মিউজিক ভিডিওর কাজটি শেষ করেছি।’রাখি আরও বলেন, ‘বিজ্ঞাপন ও নাটকের শুটিংয়ের জন্য কয়েকটি দেশে যাওয়া হলেও শ্রীলঙ্কায় এবারই প্রথম গিয়েছি। শুটিংয়ের ফাঁকে শ্রীলঙ্কার দর্শনীয় কয়েকটি স্থানেও ঘুরে বেড়িয়েছি।’কোরবানির ঈদের আগেই মিউজিক ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন রাখি। ‘ইওর লাভ’ গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ এবং সুর করেছেন শ্রীলঙ্কান সংগীত পরিচালক ইরাজ। মিউজিক ভিডিওটির নির্মাতা দিলন ডি সিলভা।এদিকে রাখি এ মাসের ১৭ তারিখে রায়হান খানের অচেনা প্রতিবিম্ব নাটকের শুটিংয়ের জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলেও জানালেন।