
‘সত্য ঘটনা অবলম্বনে মুখোশ মানুষ ছবিটি। সাইবার ক্রাইমের মতো ভয়াবহ দিক এখানে উঠে এসেছে। যা সমাজের তরুণ-তরুণীদের কাছে শিক্ষণীয়।’ ছবিটি নিয়ে শুরুতে এভাবে বলেন হিল্লোল।
৩০ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। মুক্তির আগে আগে ‘বন্ধ হোক সাইবার ক্রাইম’ এই আহবান নিয়ে প্রচারের অংশ হিসেবে ২৫ ডিসেম্বর রোববার ছবির অভিনয়শিল্পী হিল্লোল, নওশীন ও পরিচালক ইয়াসির জুয়েল এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। ছবি তোলা শেষে কথা হয় দুজনের সঙ্গে।
কেন এই ছবিতে অভিনয় করতে রাজি হলেন? যেন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন নওশীন, ‘যেহেতু গল্পটা সাইবার ক্রাইম নিয়ে। আর মেয়েরাই এই অপরাধের শিকার। তাঁদের সচেতন করতেই অভিনয় করেছি। আর চিত্রনাট্যটি পড়ার পর মনে হয়েছে আমার চরিত্রটিতে অভিনয়ের সুযোগ আছে। এটাও একটা কারণ।’
আগামীকালই মুক্তি পাচ্ছে ছবিটি। হিল্লোল বলেন, ‘দর্শক ভালো গল্প, ভালো অভিনয় পেলে হলমুখী হবেন। এই ছবিতে সবই আছে। আমার বিশ্বাস, ছবিটি দেখতে বসে শেষ না করে উঠতে পারবেন না কেউ।’ আর নওশীন বললেন, ‘শুটিংয়ের সময় থেকেই বুঝতে পেরেছি ভালো একটা কাজ হচ্ছে। ছবির ট্রেলার মুক্তির পর আরও বেশি আশাবাদী হয়েছি।’
দর্শক কেন দেখবেন এই মুখোশ মানুষ? হিল্লোল পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘কেন দেখবেন না? প্রতিটি দর্শকের এই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখা উচিত। দেখতে বসে যে কারও জীবনের সঙ্গে ছবির গল্প মিলে যেতে পারে।’ বাকিটা নওশীন যোগ করেন, ‘শুধু তাই-ই নয়, ছবিটি থেকে শিক্ষা নিয়ে অনেকেই সর্তক হতে পারবেন।’
ছবির শুটিং চলাকালে কোনো অভিজ্ঞতার কথা মনে আছে কী?
শুটিংয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার স্মৃতির কথা জানান হিল্লোল। বলেন, ‘একটি গানের দৃশ্য বাথটাবের পানিতে পা বিছিয়ে বসে ছিলাম। এক পাশ থেকে শট নেওয়ার পর আরেক পাশ থেকে শট নেওয়া হবে। লাইট পরির্বতন ও ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক করা হচ্ছে। আমি বাথটাবের এক পাশে মাথা রেখে চোখ বন্ধ করে চরিত্র নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। সবাই তো অবাক। আমি কীভাবে ওই ঠান্ডা পানিতে ঘুমিয়ে পড়েছিলাম!’ বলেই হাসতে থাকেন এই অভিনেতা।
তবে নওশীনের অভিজ্ঞতা ভয়াবহ। তিনি বলেন, ‘ছবির শেষ দৃশ্যের শুটিং। প্রায় সাত মিনিটের দৃশ্য। এক টেকে ধারণ হবে। একটা পর্যায়ে আমি রাগ করে সামনে থাকা ল্যাপটপ ভেঙে ফেলব। এ জন্য সামনে ডামি ও আসল দুই ল্যাপটপই রাখা হয়। এমনভাবেই চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলাম যে ডামিটা না ভেঙে আসলটাই ভেঙে ফেলি। ওহ! কী যে কাণ্ড করেছিলাম সেদিন!’
ছবিটির আমন্ত্রণ জানিয়ে আলাপ শেষ করেন তিনজন। পরিচালক বলেন,ছবিতে আরও অভিনয় করেছেন কল্যাণ, লামিয়া মিমো, মিঠু, রাইজা রশীদ প্রমুখ।