
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো রাগপ্রধান বাংলা গানের আসর। একাডেমীর চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীরা পরিবেশন করেন ২০টি রাগপ্রধান বাংলা গান।
শুরুতেই বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব হোসেন। শিল্পী অভীক দেব শুরুতেই বসন্ত রাগে পরিবেশন করেন ‘বাসন্তী হে ভুবন মোহিনী’ গানটি। এরপর তিনি নটমল্লার রাগে ‘সুখহীন নিশিদিন’ গানটি পরিবেশন করেন। এরপর বিজন মিস্ত্রী কলাবতী মিশ্র রাগে ‘ঝানানা ঝানানা বাজে’ ও বসন্ত বাহার রাগে ‘দখিনা বাতাস আজি বহে মৃদু মন্দে’ গান দুটি পরিবেশন করেন। মাহমুদুল হাসানের কণ্ঠে শুরুতেই বেহাগ রাগে পরিবেশিত হয় ‘ভরিয়া পরান শুনিতেছি গান’ ও পরে ভৈরবী রাগে পরিবেশন করেন ‘তুমি আমার সকাল বেলার সুর’। মো. শোয়েবের কণ্ঠে শুরুতেই রাগ পিলুতে গীত হয় ‘যমুনা সিনানে চলে’ গানটি। লীনা তাপসী শুরুতেই মিশ্র খাম্বাজ রাগে পরিবেশন করেন ‘আসিয়া কাছে গেলে ফিরে’ গানটি। এরপর রাগ জৈনপুরীতে পরিবেশন করেন ‘মধুর মিনতি শোন ঘন শ্যাম’ গানটি। সবশেষ পরিবেশনাটি ছিল শিল্পী খায়রুল আনামের কণ্ঠে। শুরুতেই রাগ খাম্বাজে তিনি পরিবেশন করেন ‘কোয়োলিয়া গান থামাও এবার’। একই শিল্পীর কণ্ঠে রাগ বেহাগে ‘আমায় বোলো না ভুলিতে বোলো না’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।