
ততক্ষণে সাড়ে ছয়টা বেজে গেছে। বেঙ্গল শিল্পালয়ে প্রথমে শোনা গেল পারকাসন, কি-বোর্ড ও গিটারের মিলিত সুর। একটু পর অনুষ্ঠানের সঞ্চালক লুভা নাহিদ চৌধুরী বললেন, অনুষ্ঠানে গাইবেন তরুণ শিল্পী ফারহানা কান্তা ও জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী।
গতকাল শনিবার সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বৈঠকি গানের আসর ‘প্রাণের খেলা’য় গাওয়া হলো রাগাশ্রয়ী বাংলা গান। ধ্রুপদি গানের সঙ্গে আধুনিক বাংলা কাব্যের সম্মিলনে এই সংগীত ধারার শুরু। এ গান গাওয়া হয় অনেকটা খেয়ালের গীতরূপ অবলম্বনে।
প্রথমে ফরিদপুরের মেয়ে ফারহানা কান্তাই গাইতে বসলেন। কিরওয়ানি রাগে ধরলেন গান ‘যামিনী হবে কি ভোর নবারুণ রাগে’। গানটির কথা ও সুর বাসুদেব ঘোষালের। কলকাতায় বাসুদেব নিজে কান্তাকে গানটি শিখিয়েছিলেন। এরপর তিনি গাইলেন বেগম আখতারের বিখ্যাত একটি গান ‘জোছনা করেছে আড়ি’। তারপরে শিল্পী গাইলেন বিদুষী শিপ্রা বসুর গাওয়া দুটি গান ‘বিনি সুতোয় গাঁথা মালা’ ও ‘যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা’। কান্তার শেষ গান গৌরী প্রসন্ন মজুমদারের কথায় মানবেন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের গাওয়া বিখ্যাত গান ‘দোলে দোদুল দুলে দোলনায়’।
এ অনুষ্ঠানে এখনকার দর্শক যেন নতুনভাবে পেল সুবীর নন্দীকে। আসরে বসেই গাইলেন নজরুলের গান ‘কথা কও, কও কথা, থাকিও না চুপ করে’ ও দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে কী সংগীত ভেসে আসে’। এরপর গাইলেন ওস্তাদ আমানত আলী খাঁর বিখ্যাত গজল ‘ক্যায়া পুছতে হো ইশক মে হাম ক্যায়সে লুট গ্যায়ে’ অবলম্বনে একটি বাংলা গান ‘কত দিন যেন দেখা হয়নি, তবু তার স্মৃতি আমি যাই বইয়ে’। শিল্পী এরপর মান্না দের দুটি গান গাইলেন, ‘সেই তো আবার
কাছে এলে’, ‘ওগো সারাটি যামিনী জাগি’। ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’সহ আরও কয়েকটি গানও শিল্পী গাইলেন।
ফারহানা কান্তার সঙ্গে তবলায় সংগত করেন ইফতেখার আলম, আর সুবীর নন্দীর সঙ্গে তবলায় ছিলেন বিশ্বজিৎ সরকার। যন্ত্রানুষঙ্গে আরও ছিলেন কি-বোর্ডে বিনোদ রায়, গিটারে মনোয়ার হোসেন এবং পারকাসনে বিদ্যুৎ রায়।
আগত শখানেক দর্শক ফারহানা কান্তা ও সুবীর নন্দীর রাগাশ্রয়ী বাংলা গানে মুগ্ধ হয়েছিলেন। প্রতিটি গানের পর তাঁদের হর্ষধ্বনি আর করতালি সে সাক্ষ্যই দেয়।