রাঘবের নতুন অ্যালবাম আসছে ঢাকা ও কলকাতা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলফিকার রাসেল ও রাঘব
জুলফিকার রাসেল ও রাঘব

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাঘব চ্যাটার্জির অ্যালবাম এবার বের হবে ঢাকা ও কলকাতা থেকে। অ্যালবামের নাম একা এ মন। এর সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। এরই মধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে। এ বছরের শেষ দিন অ্যালবামটি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
গত রোববার সকালে লেকসার্কাস কলাবাগানে জুলফিকার রাসেলে বাসায় কথা হলো রাঘবের সঙ্গে। তিনি গত শনিবার রাতে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে গান গেয়েছেন।
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের থিম সংয়ের বাংলা রূপান্তর ‘মার ঘুরিয়ে’ গেয়েছেন রাঘব। তিনি দেবদাস, তেরে নাম, রেইনকোট, লাগে রাহো মুন্নাভাই, পরিণীতাসহ অনেক হিন্দি ছবিতে গান গেয়েছেন। গান গেয়েছেন বাংলা ছবিতেও। এ পর্যন্ত বাংলা ও হিন্দি মিলিয়ে বেরিয়েছে তাঁর ১৫টি একক অ্যালবাম। কথা হলো রাঘবের সঙ্গে।
বাংলাদেশের টিভিতে এবারই প্রথম গান গেয়েছেন?
হ্যাঁ। বাংলাদেশে তো অনেক অনুষ্ঠানে গান গেয়েছি। টিভির লাইভ অনুষ্ঠানে এবারই প্রথম।
বাংলাদেশের গান শোনা হয়?
অবশ্যই। এখানকার গানের কথা, সুর, সংগীতায়োজন এবং শিল্পীদের পরিবেশনা খুব সমৃদ্ধ ও উঁচু মানের। আমি মনে করি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশে সামিনা চৌধুরী, বাপ্পা, আইয়ুব বাচ্চু, জেমসসহ অনেকের গান শুনেছি।
বাংলাদেশে কাজ করার ইচ্ছে আছে?
কয়েক বছর আগে গালিব নামে একজন গীতিকারের গান করেছিলাম। এরপর জুলফিকার রাসেলের সঙ্গে পরিচয় হয়। ওর সঙ্গে অনেক কাজ করেছি। রাসেল আর আমি মিলে এবার একটি পুরো অ্যালবামের কাজ করেছি। এ ছাড়া হাসান আবিদুর রেজা জুয়েল, জাফরীন আর টিনার গান করছি।
আপনি ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত থেকে শুরু করে ফিউশন—সব ধরনের গানই করেন।
উচ্চাঙ্গসংগীত আমার বেশি পছন্দ। এ কারণেই রাগনির্ভর গান করার চেষ্টা করি। ফিউশনও করি রাগকে সঙ্গী করে।
বাংলাদেশের চলচ্চিত্রেও তো আপনি গান গেয়েছেন।
হ্যাঁ। এ দেশের আলাউদ্দীন আলীর সঙ্গে কাজ করেছি। তাঁর কয়েকটি ছবিতে গান গেয়েছি।
আবার কবে ঢাকায় আসবেন?
মাস দুয়েকের মধ্যেই আবার আসার ইচ্ছা আছে। জুলফিকার রাসেলের সঙ্গে যে অ্যালবামটা করছি, সেটা কলকাতায় আশা অডিও এবং বাংলাদেশে লেজার ভিশন রিলিজ করবে। ঢাকার প্রকাশনা অনুষ্ঠানে থাকার ইচ্ছে আছে।