রাঙা প্রভাতের প্রত্যয় উদীচীর সম্মেলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিন বিকেলে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছিল বেড়াতে আসা লোকজন আর সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে। গতকাল শুক্রবার সকাল থেকেই এখানে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশ। ‘ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত’ স্লোগান নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের নবম দ্বিবার্ষিক সম্মেলন।সকাল ১০টায় একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী খাদেমুল ইসলাম বসুনিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্পী শিশির ভট্টাচার্য্য, উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল আলমসহ দেশের বরেণ্য শিল্পী, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক সংগঠকেরা।উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় উদীচীর শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর তাঁরা ‘ছোটদের বড়দের সকলের’, ‘নেই নেই মুক্তি, অর্থনৈতিক, শুভংকরের এ যে ফাঁকি’ ও ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে’ গণসংগীতগুলো পরিবেশন করেন।উদ্বোধনী পর্ব শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মৎস্য ভবন, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন, বিজয়নগর হয়ে আবার শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন শিল্পী খাদেমুল ইসলাম বসুনিয়া, কেন্দ্রীয় উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ, সহসভাপতি আশরাফুজ্জামান ও বদিউর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুল আলম প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর শাখার সভাপতি কাজী মোহাম্মদ শীষ।উদ্বোধকের বক্তব্যে খাদেমুল ইসলাম বসুনিয়া বলেন, উদীচী এমনই এক সংগঠন, যারা জাতির বিবেক হিসেবে কাজ করে। আমাদের এই সংগঠনের আকাঙ্ক্ষা অনেক। মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এই সংগঠন। পরে তিনি ‘বাংলাকে আজ প্রশ্ন করি/ বাঙালি আজ কোথায়’ ও ‘দেশটা নিয়ে ভাবনা কার’ দুটি গান পরিবেশন করেন। আলোচনা পর্ব শেষে দুপুরে মধ্যাহ্নবিরতির পর শুরু হয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন।সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আনন্দধারা বহিছে ভুবনে’র সঙ্গে নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্য বিভাগের শিল্পীরা। এরপর ঢাকা মহানগর সংসদের সংগীত বিভাগ পরিবেশন করে ‘আমাদের একটাই দেশ’ এবং ‘ছোটদের বড়দের সকলের’ এই দুটি দলীয় সংগীত। এরপর ছিল মিরপুর, গেন্ডারিয়া, পল্লবী, সাভার, তেজগাঁও প্রভৃতি উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখার শিল্পীদের পরিবেশনা।রবিরাগের শরতের গানআকাশে পেঁজা পেঁজা শুভ্র মেঘের ভেলা ভাসিয়ে এসেছে শরৎ। নদীর তীরে ফুরফুরে হাওয়ায় মাথা দোলাচ্ছে কাশফুল। গানে গানে শরতের বন্দনা করে শ্রোতার আসরের আয়োজন করেছিল সংগীত সংগঠন রবিরাগ।গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে রবিরাগের শরৎকালীন শ্রোতার আসর শুরু হয়েছিল শিল্পী সাদী মহম্মদের নেতৃত্বে সমবেত কণ্ঠে ‘বিশ্ববীণারবে’ গানটি দিয়ে। এরপর ছিল একক ও সমবেত গানের পরিবেশনা। গানগুলোর মধ্যে ছিল: ‘অমল ধবল পালে’, ‘এভরা বাদর মাহ ভাদর’, ‘তুমি উষার সোনার বিন্দু’, ‘তোমার মোহন রূপে’, ‘স্বপনে দোঁহে’, ‘আমার রাত পোহালো’, ‘ওগো শেফালিবনের মনের কামনা’ প্রভৃতি।অনুষ্ঠানে একক কণ্ঠের শিল্পীদের মধ্যে ছিলেন শামা আলী, মাখন হালদার, স্বপন দত্ত, নন্দিতা ইয়াসমিন, রঞ্জিৎ রায়, এণাক্ষী সাহা রায় প্রমুখ।শিল্পী সুবীর নন্দীর সংবর্ধনাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী সুবীর নন্দীকে সংবর্ধনা দেওয়া হলো। গতকাল সন্ধ্যায় হোটেল র‌্যাডিসনে সিটিব্যাংক এনএ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সুবীর নন্দীর হাতে সম্মাননা স্মারক ও তাঁর প্রতিকৃতি তুলে দেন সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ এবং সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব জামিল।সুবীর নন্দী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। দোয়া করবেন, আমি যেন আজীবন সুরের সাধনা করে যেতে পারি।’ শিল্পী তাঁর সংগীতজীবনে যাঁদের সাহায্য-সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘ঐ মহাসিন্ধু ওপার থেকে কী সংগীত ভেসে আসে’ দিয়ে তিনি গানের পাল শুরু করেছিলেন। এরপর তাঁর জনপ্রিয় গান ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। সুরমাধুর্যে মন ভরিয়ে দেন শ্রোতাদের। এর আগে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শিল্পী কনক ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন আসা’, ‘তুমি মোর জীবনের ভাবনা, হূদয়ে সুখের দোলা’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। বক্তৃতা শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়।