রাঙামাটিতে পার্বত্য চলচ্চিত্র উৎসব
আজ শুরু হচ্ছে দ্বিতীয় পার্বত্য চলচ্চিত্র উত্সব। চলবে আগামীকাল পর্যন্ত। দুই দিনের এ উৎসবে দেখানো হবে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং তথ্যচিত্র। হিজেক ফেলিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠন, রাঙামাটির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি পার্বত্য জেলা মিলনায়তনে বিকেল চারটা থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনে ২০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র এতে দেখানো হবে। রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে আয়োজন করা হয়েছে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। এটি পরিচালনা করবেন চাকমা ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি ছবি মর থেংগারির নির্মাতা অং রাখাইন। তাঁর ছবিটিও এ উৎসবে প্রদর্শিত হবে। পাশাপাশি উৎসবের প্রথম দিন আরও দেখানো হবে তরুণ চাকমা মনিবো পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি দেবঙসী আহ্ধর কালা ছাবা ও মনোজ বাহাদুর পরিচালিত পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা জনগোষ্ঠী নামের তথ্যচিত্র।
উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ৩ এপ্রিল দেখানো হবে তথ্যচিত্র রণজিৎ দেওয়ান: এ লিভিং লিজেন্ড অব চাকমা, খুমী আই অমনাই রিটা ও তথ্যচিত্র দুলু হুমোরী।