লেডি গাগা আসবেন আর তাঁর পোশাক নিয়ে আলোচনা হবে না। তাহলে আর স্টেফানি অ্যানজেলিনা জারমানোটা থেকে লেডি গাগা হওয়ার দরকার কী ছিল!মাথায় চিংড়ির মতো হেডপিস, পুরো মুখ ঢাকা লেসের মুখোশে, পোশাকে নকল রক্ত, বুদ্বুদ পোশাক নিয়ে তো এত দিন হইচই কম হয়নি। তবে এবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের পোশাকটা বোধহয় ছাপিয়ে গেছে আগের সবগুলোকে। কাচা মাংসের তৈরি পোশাক নিয়ে সবখানে এত আলোচনা, তাঁর আটটি অ্যাওয়ার্ড-জয়ের ব্যাপারটা যেন চাপাই পড়ে গেছে।বেস্ট পপ ভিডিও, বেস্ট ফিমেল ভিডিও, বেস্ট ড্যান্স মিউজিক ভিডিও, বেস্ট কোরিওগ্রাফি, বেস্ট ডিরেকশন, বেস্ট এডিটিং, বেস্ট কোলাবোরেশনসহ সবচেয়ে লোভনীয় অর্থাৎ বেস্ট ভিডিও অব দ্য ইয়ার পুরস্কার জিতে নিয়েছেন গাগা। এর মধ্যে বেস্ট কোলাবোরেশন বাদে সবই পেয়েছেন দ্য ফেইম মনস্টার অ্যালবামের ‘ব্যাড রোমান্স’ গানটির জন্য। আর বিয়োন্সের সঙ্গে একই অ্যালবামের ‘টেলিফোন’ গানটির জন্য পেয়েছেন বেস্ট কোলাবোরেশন অ্যাওয়ার্ড। পুরস্কার নিতে এসে জানিয়ে দিয়েছেন, পরবর্তী অ্যালবামের নাম বর্ন দিস ওয়ে।অনুষ্ঠানে মোট তিনবার পোশাক বদলেছিলেন। শুরুতে মাথায় গোঁজা পালক, ধবধবে সাদা চুল আর ডিজাইনার আলেকজান্ডার ম্যাককুইনের তৈরি গাউনে রাজকীয় ঢঙ। পরেরবার আরমানির তৈরি কালো গাউন। তবে সবার চোখ চড়কগাছ হয়ে গেল তৃতীবারের পোশাক দেখে। প্রায় ৫০ পাউন্ড কাঁচা মাংস দিয়ে তৈরি পোশাক! শুধু পোশাক নয়। হেডপিস, হাতের ক্লাচ আর উঁচু হিলের জুতাও মাংসের তৈরি। ‘জীবনে ভাবিনি শেরকে আমার মাংস পার্সটা ধরতে বলব।’ ফ্যাশনদুরস্ত সংগীতশিল্পী শেরের হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার পর বলেন তিনি।মাংসের পোশাকের নকশা করেছেন ফ্র্যাংক ফারনান্দেজ। বুদ্ধিটা ছিল খোদ লেডি গাগার। এর আগেও ভোগ ম্যাগাজিনের কভারে এমন পোশাক পরে ছবি তুলেছিলেন তিনি। তবে এবারের পোশাকটি খেপিয়ে তুলেছে প্রাণী অধিকারবিষয়ক সংগঠন পেটাকেও (পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস)। এমনকি খ্যাতনামা অনুষ্ঠান উপস্থাপক ইলেন ডিজেনারেসকেও। শাকসবজি দিয়ে তৈরি একটি পোশাক উপহার দিয়েছেন তিনি গাগাকে। বলেছেন, ‘তোমার প্রায় সব পোশাকই আমার পছন্দ। এই পোশাকটি নয়।’গাগা অবশ্য এতে বিচলিত নন। ‘সমস্যাটা কোথায়!’ বলেই উড়িয়ে দিয়েছেন সব সমালোচনা। রুহিনা তাসকিনতথ্যসূত্র: ওয়েবসাইট