রাজকীয় বিয়েই বটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ের পর সংবর্ধনা অনুষ্ঠানে বলিউডের তারকাদেরই বেশি দেখা গেছে। গত বৃহস্পতিবার দিল্লির অনুষ্ঠানে এলেন আত্মীয়স্বজন আর রাজনীতিবিদেরা। ছিলেন রাহুল গান্ধী, অরুণ জেটলি, শশী থারুর, অমর সিং। আর বিনোদনজগতের তারকাদের মধ্যে ছিলেন মধুর ভান্ডারকর, মনীষ মালহোত্রা, ইমতিয়াজ আলী, প্রসূন যোশী, রিতু কুমার প্রমুখ।ঢোকার মুখেই সাইফের ভাইবোনেরা তাঁদের ফরাসি কায়দায় অভ্যর্থনা জানান। এ সময় বোন সোহা আলী খান আর সাবার পরনে ছিল তাঁদের দাদির আমলের ঘারারা। ঠিক সময়েই পৌঁছে গিয়েছিলেন বর-কনে—সাইফ আলী খান ও কারিনা কাপুর। বেলি ফুল থেকে শুরু করে ঝাড়বাতি, মোম—সবকিছুতেই ছিল সাদা রঙের আধিপত্য। বর-কনের জায়গাটি সাজানো হয়েছিল দারুণভাবে। পতৌদি পরিবারের ২০০ বছরের পুরোনো একটি কার্পেট বিছানো হয়েছিল সেখানে। প্রায় ৫০ পদের খাবার ছিল। বিরিয়ানি, কাবাব, নিহারি তো ছিলই। নিরামিষও ছিল নানা রকম। শেষ পাতে ছিল নানা রকম মিষ্টি আর ক্ষীর। গানের আয়োজনও মুগ্ধ করেছে অতিথিদের। ককটেল, এজেন্ট বিনোদ, কাশ্মীর কি কলি ছবির গানের তালে তালে নেচেছেন কিছু অতিথি। পাশাপাশি ছিল জ্যাজসংগীতের ব্যবস্থাও। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে অনুষ্ঠান চলে প্রায় রাত দেড়টা পর্যন্ত। জি নিউজ, মিড-ডি, টিএনএন।