রাজকীয় বিয়েতে যত আয়োজন
প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য হয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। গথিক স্থাপত্যরীতির হাজার বছরের পুরোনো সেই ভবনেই কাল বিয়ে করতে যাচ্ছেন প্রয়াত ডায়ানার জ্যেষ্ঠ পুত্র প্রিন্স উইলিয়াম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কনে কেট মিডলটনের সঙ্গে তাঁর পরিচয়। ১০ বছরের প্রেম, অবশেষে বিয়েতে পূর্ণতা পাচ্ছে। জাঁকালো এই বিয়ের অনুষ্ঠান নিয়ে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের কমতি নেই। ধারণা করা হচ্ছে, টেলিভিশন ও ইন্টারনেটে প্রায় ২০০ কোটি মানুষ বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করবে।ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারীর জীবনের মহান দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজপরিবারও আয়োজনে কার্পণ্য করেনি। এক হাজার ৯০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাল শুক্রবার অতিথিরা স্থানীয় সময় সকাল পৌনে নয়টা থেকে আসা শুরু করবেন। তার আগে সাড়ে আটটায় রানি বর-বধূকে রাজকীয় উপাধি দেবেন। মূলত এর মধ্য দিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। সাড়ে ১০টায় কনের মা ক্যারোলে মিডলটন আসবেন। পৌনে ১০টার দিকে বরকে সঙ্গে নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রবেশ করবেন রানি। কনের সখীরা আসবেন ১০টা ৫০ মিনিটে। বেলা ১১টায় রোলস-রয়েসে চড়ে বাবার সঙ্গে আসবেন কনে। বিয়ের মূল আনুষ্ঠানিকতা এর পর থেকেই শুরু হবে।বিয়ে পড়ানো শেষে নববধূ ও বর গিয়ে উঠবেন রাজকীয় শকটে। সঙ্গে থাকবে আমন্ত্রিত অতিথিদের শোভাযাত্রা। এ সময় নগরের রাস্তায় রাস্তায় ঘণ্টা বেজে উঠবে। পরে বর-বধূ বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে দুপুরের খাবারে যোগ দেবেন। দুপুর দেড়টায় রাজপ্রাসাদের পূর্ব দিকের ব্যালকনিতে দাঁড়াবেন নবদম্পতি। এ সময় নিচে সাধারণ জনতা তাঁদের স্বাগত জানাবে। আকাশে রাজকীয় বিমানবাহিনী তাঁদের সম্মানে ফ্লাইপাস্টে অংশ নেবে। রাতে প্রিন্স চার্লসের সৌজন্যে থাকবে নৈশভোজের আয়োজন।রাজকীয় বিয়ে নিয়ে বাজির বাজারও বেশ সরগরম। বর্তমান রানির প্রিয় হীরার মুকুটটি কেট পরবেন কি পরবেন না—তা নিয়ে বাজি ধরেছেন এক নারী। তিনি বলেছেন, বিয়ের ক্ষণে কেটের মাথায় ৯০ বছরের পুরোনো ওই মুকুট শোভা পাবে। তাঁর বিপরীতে ১২ জন ছয় হাজার পাউন্ড করে বাজি ধরেছেন। অর্থাৎ ওই নারীর কথা ঠিক হলে তিনি গুনে গুনে ৭২ হাজার পাউন্ড পকেটে পুরবেন। ওয়েবসাইট অবলম্বনে।